SC, ST, OBC-দের সংরক্ষণ নিয়ে বড় রায় দিল সুপ্রিম কোর্ট!

Published:

Supreme Court on Reservation
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি চাকরি এবং ভর্তির ক্ষেত্রে সংরক্ষণ নিয়ে দীর্ঘদিন ধরে চলছে বিতর্ক। তবে এবার দেশের সর্বোচ্চ আদালত বড়সড় রায় দিল (Supreme Court on Reservation)। হ্যাঁ, সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, SC, ST, OBC এবং EWS শ্রেণীর প্রার্থীরা মেধার ভিত্তিতে জেনারেল ক্যাটাগরি আসনে চাকরি পাওয়ার অধিকার রাখে। আর যদি কোনও সংরক্ষিত শ্রেণীর প্রার্থী জেনারেল ক্যাটাগরির কাট-অফের থেকে বেশি নম্বর পায়, তাহলে তাঁকে সাধারণ আসনে বিবেচনা করতে হবে। আর এই রায়ে আশার আলো দেখছে বিশেষজ্ঞরা।

সংরক্ষিত শ্রেণীর মেধাবীদের জন্য এবার বিরাট স্বস্তি

এই রায়কে সংরক্ষিত শ্রেণীর মেধাবী প্রার্থীদের জন্য বড় জয় বলেই মনে করা হচ্ছে। কারণ, এতদিন বহু ক্ষেত্রে দেখা গিয়েছে যে, বেশি নম্বর পাওয়ার পরেও শুধুমাত্র সংরক্ষিত শ্রেণীভুক্ত হওয়ার কারণে প্রার্থীদের জেনারেল আসনে বিবেচনা করা হয়নি। উল্লেখ্য, এই মামলার সূত্রপাত হয়েছিল রাজস্থান হাইকোর্টের একটি রায় থেকে। সেখানে স্পষ্ট বলা হয়েছিল, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা জেনারেল আসনে নিয়োগ পেতে পারবে না। এমনকি যদি তাদের নম্বর জেনারেল ক্যাটাগরির থেকে বেশি হয় তাও না। সেই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল।

আরও পড়ুন: ভেনেজুয়েলায় আমেরিকার ক্ষমতা প্রদর্শনে লাভবান হবে ভারত! কীভাবে? বুঝুন

এদিকে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং এ.জি. মাসিহের বেঞ্চ রাজস্থান হাইকোর্টের সেই যুক্তি খারিজ করে দিয়েছে। হাইকোর্টের দাবি ছিল, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জেনারেল আসনের সুযোগ দিলে তারা দ্বিগুণ সুবিধা পাবে। কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, মেধার কোনও জাত বা শ্রেণী হয় না। যোগ্যতা থাকলে সুযোগ দেওয়া হবেই। আদালতের মতে, শুধুমাত্র সংরক্ষণের সুবিধা রয়েছে বলে কোনও প্রার্থীকে জেনারেল আসন থেকে বঞ্চিত করা যাবে না।

এমনকি রায় দিতে গিয়ে ১৯৯২ সালের ঐতিহাসিক ইন্দিরা সওহনি মামলার প্রসঙ্গ তুলে ধরা হয়েছিল। বিচারপতি দীপঙ্কর দত্ত বলেছেন, ওপেন ক্যাটাগরি মানে সত্যিই ওপেন। এই আসন কোনওরকম নির্দিষ্ট জাত বা শ্রেণির জন্য সংরক্ষিত নয়। যে কোনও যোগ্য প্রার্থী সেখানে নির্বাচিত হতে পারবে। অর্থাৎ, SC, ST, OBC এবং EWS প্রার্থী হলেও শুধুমাত্র মেধার ভিত্তিতে জেনারেল আসেনে নির্বাচিত হওয়ার কোনও রকম বাধা থাকবে না। আর বলাবাহুল্য, এই রায়ের সঙ্গে নিয়োগ প্রক্রিয়া নিয়েও স্পষ্ট গাইডলাইন দিয়েছে শীর্ষ আদালত।

আরও পড়ুন: জানুয়ারি মাসে ১০ দিন ছুটি সরকারি কর্মীদের! দেখুন নবান্নের হলিডে লিস্ট

সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্ট বলা হয়েছে, লিখিত পরীক্ষায় যদি কোনও সংরক্ষিত শ্রেণীর প্রার্থী জেনারেল ক্যাটাগরির থেকে বেশি নম্বর পায়, তাহলে তাকে জেনারেল ক্যাটাগরির প্রার্থী হিসেবে ইন্টারভিউতে ডাকা হবে। পাশাপাশি চূড়ান্ত মেধা তালিকায় যদি তার নম্বর জেনারেল ক্যাটাগরির নিচে নেমে যায়, তাহলে সে নিজেই সংরক্ষিত শ্রেণীর সুবিধা নিতে পারবে।