বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিদেশি লিগেও নিষিদ্ধ হয়ে যাচ্ছে পাকিস্তান! বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগ এই মুহূর্তে IPL। এই ভারতীয় টুর্নামেন্টকে একপ্রকার অনুকরণ করেই বিশ্বের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে নানান ক্রিকেট লিগ। বিগত বছরগুলিতে সেগুলি জনপ্রিয়তাও কম পায়নি। সবচেয়ে বড় কথা, ইংল্যান্ডের দ্য হান্ড্রেড লিগের (The Hundred League) মতো বহু ক্রিকেট লিগের দলগুলি ভারতীয় বলা ভাল IPL ফ্রাঞ্চাইজির মালিকানাধীন। আর সেটাই যেন পাকিস্তানের জন্য সমস্যা হয়ে দাঁড়াল। BCB সহ একাধিক সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, IPL এর মতো দ্য হান্ড্রেড লিগে আর খেলতে পারবেন না পাকিস্তানের ক্রিকেটাররা।
দ্য হান্ড্রেড লিগে আর সুযোগ পাবেন না পাকিস্তানের প্লেয়াররা?
একাধিক রিপোর্ট অনুযায়ী, ইংল্যান্ডের আসন্ন দ্য হান্ড্রেড লিগে প্রত্যেক দলে এবার থেকে হয়তো আর সুযোগ পাবেন না পাকিস্তানের ক্রিকেটাররা। জানা যাচ্ছে, ইংল্যান্ডের জনপ্রিয় ক্রিকেট লিগের যে দলগুলির মালিক মূলত ভারতীয় সংস্থা সেইসব দলে জায়গা নেই পাকিস্তানের প্লেয়ারদের। বিশেষ করে এই টুর্নামেন্টের জনপ্রিয় দল ম্যানচেস্টার সুপার জায়ান্টস, মি লন্ডন, সাউদার্ন ব্রেভ এবং সানরাইজার্স লিডসের মতো দলে হয়তো আর জায়গা পাবেন না বাবর আজমরা।
বলে রাখা প্রয়োজন, হান্ড্রেড লিগের দলগুলিতে পাকিস্তানের প্লেয়ারদের সুযোগ না পাওয়ার বিষয়ে কোনও আনুষ্ঠানিক চুক্তি হয়নি। যা শোনা যাচ্ছে পুরোটাই অলিখিত নির্দেশ। এ নিয়ে ইতিমধ্যেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এক সিনিয়র কর্তা ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিয়েছেন, আসন্ন হান্ড্রেড লিগের প্রত্যেক দলে হয়তো আর জায়গা হবে না পাক প্লেয়ারদের। সেক্ষেত্রে সবটাই পরিষ্কার হবে সময়ের সাথে সাথে।
অবশ্যই পড়ুন: ৯ পরিষেবায় ২০% অতিরিক্ত পদ, নয়া বিজ্ঞপ্তি নবান্নের
কেন জায়গা দেওয়া হবে না পাকিস্তানের ক্রিকেটারদের?
বিগত বছরগুলিতে ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছে। এর আগে 2009 সাল থেকে দু-দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা এবং কূটনৈতিক সম্পর্ক খারাপ হওয়ার কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে জায়গা পান না পাকিস্তানের ক্রিকেটাররা। এর ফলে পাকিস্তানেও IPL সম্প্রচার পুরোপুরি নিষিদ্ধ।
তাছাড়াও সাম্প্রতিককালে বিশেষ করে পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকে ভারতের সাথে সব ক্ষেত্রেই সম্পর্ক তলানিতে ঠেকেছে পাকিস্তানের। দুই দেশ একে অপরের বিরুদ্ধে কোনও দ্বিপাক্ষিক সিরিজও খেলে না। অনেকেই মনে করছেন, হান্ড্রেড লিগের দলগুলির মালিক IPL এর সাথে যুক্ত থাকার কারণে অর্থাৎ ওই দলগুলির মালিকানাধীন ফ্রাঞ্চাইজিতে ভারতীয় সংস্থার আধিপত্য থাকায় দেশের স্বার্থে পাকিস্তানের প্লেয়ারদের জায়গার নাও দেওয়া হতে পারে।












