অনন্যা সরকার, বলাগড়: হুগলির বলাগড়ে (Balagarh) ‘মিনি বন্দর’ (Mini Port) তৈরির পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। এতে কলকাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের ওপর অতিরিক্ত চাপ কমবে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পটির বাস্তবায়িত হলে এলাকার সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ নিয়ে আসতে পারে এই বলাগড় মিনি বন্দর প্রকল্প।
মিনি বন্দর তৈরি করবে নতুন কর্মসংস্থান
নতুন মিনি বন্দরটির জন্য বলাগড়ের শ্রীপুর চরকে বেছে নেওয়া হয়েছে। ১৯৯৬ সালে বামফ্রন্ট সরকারের আমলে বিশাল বড় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র স্থাপন করার উদ্দেশ্যে সিইএসসি (CESC) ওই অঞ্চলের প্রায় ১,১০০ একর জমি অধিগ্রহণ করেছিল। কিন্তু ২০০০ সালের বন্যায় পরিকাঠামোর অধিকাংশ অংশ ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে বন্ধ হয়ে যায় প্রকল্পটি। তারপর থেকে বিস্তৃত জমিটি অব্যবহৃত হয়েই পড়েছিল এতদিন।
শ্রীপুর চরের পতিত জমিটিকেই বন্দরের জন্য উপযুক্ত বলে মনে করেছে সরকার। কারণ এই অঞ্চলে গঙ্গার ভৌগোলিক গঠন বন্দর পরিকাঠামো গড়ে তোলার জন্য বিশেষভাবে উপযোগী। গঙ্গার একটি খাঁড়ি অর্ধচন্দ্রাকৃতি আকারে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়ে মূল নদীর সাথে মিশেছে। সেই খড়ির মাঝে অবস্থিত চড় অঞ্চলটিতেই বন্দর তৈরি করা হবে। এর ফলে ওই অঞ্চলে কর্মসংস্থানের সমূহ সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ প্রেমের ফাঁদে ফেলে একবছর ধরে চন্দননগরের তরুণীকে গণধর্ষণ! গ্রেফতার ৪
এলাকার বাসিন্দারা মনে করছেন বন্দর তৈরি হলে ওই অঞ্চলে ব্যবসা-বাণিজ্য বাড়বে এবং অর্থনৈতিক উন্নয়নও হবে। তার সাথে গঙ্গা ভাঙনের দীর্ঘদিনের সমস্যারও সমাধান হতে পারে বলে আশা করছেন বলাগড়বাসী।










