প্রধানমন্ত্রীকে ঝালমুড়ি বানিয়ে খাওয়ালেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ভাইরাল ভিডিও

Published:

Narendra Modi

সৌভিক মুখার্জী, কলকাতা: ঝালমুড়ির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) যেন আলাদাই টান। ভোটার প্রচারে এসে ঝাড়গ্রাম থেকে তাঁর সেই ঝালমুড়ি খাওয়ার দৃশ্য এখনও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এবার ফের একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটালেন দেশের প্রধানমন্ত্রী। আজ এনডিএ জোটের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে নয়াদিল্লিতে বৈঠক করেন নরেন্দ্র মোদী। সেখানেই ঝালমুড়ি খেতে দেখা যায় তাঁকে। এমনকি বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তাঁকে ঝালমুড়ি সার্ভ করে দেন। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ফের ঝালমুড়িতে মজলেন মোদী

আজ দিল্লিতে এনডিএ মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ছিল। আজই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার দিল্লিতে থাকার কথা রয়েছে তাঁর। আর আগামীকাল বিকালে নীতি আয়োগের বৈঠকের পর আবারও কলকাতায় ফিরবেন তিনি। কিন্তু আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে সেই ঝালমুড়ি খাওয়ার দৃশ্য ফের সামনে এল। এবার বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই প্রধানমন্ত্রীকে ঝালমুড়ি সার্ভ করে দিলেন।

না বললেই নয়, ভোটের প্রচারে এসে প্রধানমন্ত্রী মোদী ঝাড়গ্রামে ঝালমুড়ি খেয়েছিলেন। সেই সময় তাঁর সেই ঝালমুড়ি খাওয়ার ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়া তোলপাড় ফেলে দিয়েছিল। সবথেকে বড় ব্যাপার, ঝালমুড়ির দোকানদারও সেই সময় রীতিমতো ভাইরাল। যদিও পরে এ নিয়ে অনেক কাটাছেঁড়া হয়। কিন্তু মোদীর ঝালমুড়ির জনসংযোগ যে বাংলার ভোটবাক্সে প্রভাব ফেলেছিল তা বলার অপেক্ষা রাখে না। ৪ তারিখ একেবারে ধুলোয় মুছে যায় ঘাসফুল শিবির এবং বাংলায় ফোটে পদ্মফুল। আর সেই আবহে মোদী তৃণমূলকে খোঁচা দিয়ে বলেন যে, “ঝাল মুড়ি খেয়েছি আমি, আর ঝাল লেগেছে তৃণমূলের।”

আরও পড়ুন: “টাটার সাথে আমি গিয়ে কথা বলব, ফেরাতে হবেই”, শিল্প নিয়ে বড় আশ্বাস তাপস রায়ের

পাশাপাশি নেদারল্যান্ড সফরে গিয়েও প্রধানমন্ত্রী ঝালমুড়ির প্রসঙ্গ টেনে আনেন। তাঁর বক্তব্য ছিল, ঝালমুড়ি কি এখানেও পৌঁছে গিয়েছে? এমনকি সেখানে দর্শকদের উল্লাস দেখেও মুগ্ধ হয়ে যান ভারতের প্রধানমন্ত্রী। সেখানে গিয়ে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে মোট পাঁচটি রাজ্যের ভোটদানের হারের কথা উল্লেখ করেন মোদী।