বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (Indian Premier League) ভরা বাজার। গত ম্যাচে মরসুমের প্রথম জয় পেয়েছে শহরের দল কলকাতা নাইট রাইডার্স। এহেন আবহে, হঠাৎ কলকাতায় হাজির প্রাক্তন নাইট তারকা সাকিব আল হাসান (Shakib Al Hasan)। জানা যাচ্ছে, গতকাল অর্থাৎ সোমবারই শহরে পা রেখেছেন বাংলাদেশে নিষিদ্ধ এই ক্রিকেটার। আর তারপর থেকেই প্রশ্ন উঠছে হঠাৎ কেন কলকাতায় এলেন সাকিব? এখানে এখন কী কাজ তাঁর?
নিজের দেশে না ফিরে কেন কলকাতায় এলেন সাকিব?
দীর্ঘদিন ধরে বাংলাদেশে নিষিদ্ধ সাকিব আল হাসান। ওপারে গেলেই খুন করার হুমকি দেওয়া হয়েছে কলকাতা নাইট রাইডার্স দলের পুরনো যোদ্ধাকে। যে কথা না বললেই নয়, 2011 সাল থেকে 2017 সাল পর্যন্ত একটানা শাহরুখ খানের দলের হয়ে মাঠ কাঁপিয়েছেন সাকিব। পরবর্তীতে 2021 সালে কলকাতায় ফিরে আসেন তিনি। এছাড়াও শহর কলকাতার সাথে সাকিবের সম্পর্ক বেশ পুরনো। শহরেই রয়েছেন সাকিবের অসংখ্য বন্ধু।
এখানেই শেষ নয়, শেষবারের মতো নিজের দেশের হয়ে ভারতের মাটিতেই ওয়ানডে এবং টেস্ট খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর অবশ্য বাংলাদেশে আর ফেরা হয়নি এই খেলোয়াড়ের। নিজের দেশে ফিরতে না পারলেও আপাতত কলকাতায় বাইপাসের কাছের একটি বিলাসবহুল হোটেলে এসে উঠেছেন বাংলাদেশের ক্রিকেটার। কাকতালীয়ভাবে হলেও ওই হোটেলেই রয়েছে গোটা KKR দল।
অবশ্যই পড়ুন: পাইপে করে তেল যাবে শ্রীলঙ্কায়, চিনের খেলা ভেস্তে দিতে মেগা প্ল্যান ভারতের!
সূত্রের খবর, একই হোটেলে থাকার দৌলতে বর্তমান KKR দলের বেশ কয়েকজন নতুন মুখ বা প্লেয়ারের সাথে দেখা হয়েছে বাংলাদেশি খেলোয়াড়ের। শোনা যাচ্ছে, প্রাক্তন নাইট তারকার কাছ থেকে ক্রিকেটের জন্য বেশ কিছু টিপসও নিয়েছেন তাঁরা। তবে প্রশ্ন থাকে ঠিক কোন কারণে কলকাতায় এসেছেন বাংলাদেশে নিষিদ্ধ সাকিব আল হাসান? জানা যাচ্ছে, কিছু ব্যক্তিগত কারণেই শহরে পা রেখেছেন ওপার বাংলার এই ক্রিকেটার। যদিও শহরে আসার কারণ নিজে মুখে জানাননি লিটন দাসদের প্রাক্তন সতীর্থ।
প্রসঙ্গত, বাংলাদেশে হাসিনা সরকারের পতন হতেই সে দেশ ছেড়ে পালিয়ে ছিলেন সাকিব আল হাসান। এরপর থেকে দীর্ঘ সময় কেটে গেলেও নিজের দেশে পা রাখেননি তিনি। যদিও বাংলাদেশে নতুন সরকার গঠন করেছে তারেক রহমান। ওপারের কয়েকটি সূত্র জানাচ্ছে, সাকিব আল হাসানকে দেশে ফিরিয়ে আনতে তৎপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শুধু তাই নয়, খেলোয়াড়ের উপরে থাকা মামলাগুলিও তুলে নিতে সবরকম চেষ্টা চলছে বলেই খবর।










