সৌভিক মুখার্জী, কলকাতা: ন্যাশনাল টেস্টিং এজেন্সি গতকাল ২০ এপ্রিল জেইই মেইন ২০২৬ এর দ্বিতীয় সেশনের ফলাফল (JEE Main 2026 Result) প্রকাশ করেছে। পেপার ১ এর এই ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে যাচ্ছে যে, কারা এবছরের জেইই অ্যাডভান্সড (JEE Advanced) পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য আয়োজিত এই পরীক্ষায় লক্ষ লক্ষ পরীক্ষার্থীর তালিকা প্রকাশ্যে এল। কী বলছে সামগ্রিক পরিসংখ্যান? জেনে নিন ঝটপট।
একনজরে পরিসংখ্যান
বলে দিই, এবছরের জেইই মেইন পরীক্ষায় অংশগ্রহণের হার ছিল চোখে পড়ার মতো। মোট নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ ১০ হাজার ৯০৪ জন। দ্বিতীয় সেশনে উপস্থিত ছিল ১০ লক্ষ ৩৪ হাজার ৩৩০ জন। আর উভয় সেশনে উপস্থিত ছিল ৮ লক্ষ ৫১৬ জন। যাদের ক্ষেত্রেই সেরা চূড়ান্ত তালিকা তৈরি করা হচ্ছে।
ক্যাটাগরি ভিত্তিক কাট-অফ এবং যোগ্য প্রার্থীদের তালিকা
আইটিআই-তে ভর্তির প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই জেইই অ্যাডভান্সড পরীক্ষায় বসার জন্য এনটিএ ক্যাটাগরি আওতায় কাট-অফ, পার্সেন্টেজ এবং যোগ্য প্রার্থীদের সংখ্যা প্রকাশ করা হয়েছে। রিপোর্ট বলছে—
- সাধারণ ক্যাটাগরির জন্য কাট-অফ ১০০ থেকে ৯৩.৪১। সেক্ষেত্রে মোট যোগ্য প্রার্থীর সংখ্যা ৯৬,৮৭৩ জন।
- ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে কাট-অফ ৯৩.৪১ থেকে ৮০.৯২। আর সেক্ষেত্রে যোগ্য প্রার্থীর সংখ্যা ৬৭,৫৯৭ জন।
- এসটি দের কাট-অফ গিয়েছে ৯৩.৪১ থেকে ৬৩.৯১ পর্যন্ত। আর সেক্ষেত্রে যোগ্য প্রার্থীদের সংখ্যা ৩৭,৫২২ জন।
- এসটি দের কাট-অফ গিয়েছে ৯৬.৪০ থেকে ৫২.০১ পর্যন্ত। সেক্ষেত্রে যোগ্য প্রার্থীর সংখ্যা ১৮,৭৯০ জন।
- ইডব্লিউএস প্রার্থীদের কাট-অফ গিয়েছে ৯৩.৪১ থেকে ৮২.৪১ পর্যন্ত। আর সেক্ষেত্রে যোগ্য প্রার্থীর সংখ্যা ২৫,০০৯ জন।
- পিডব্লিউবিডি দের ক্ষেত্রে কাট-অফ ৯৩.৩২ থেকে ০.০০। আর সেক্ষেত্রে যোগ্য প্রার্থীর সংখ্যা ৪৩৯১ জন।
আরও পড়ুন: দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র তাপপ্রবাহ, এগিয়ে আসবে গরমের ছুটি? জানুন
এদিকে যারা এই যোগ্যতা অর্জন করেছে, তাদের জন্য লড়াইয়ের চূড়ান্ত পর্ব শুরু হয়েছে। আগামী ১৭ মে আয়োজিত হতে চলেছে জেইই অ্যাডভান্সড ২০২৬ পরীক্ষা। আর আইটিআই-র আসন দখলের লড়াইয়ে এই পরীক্ষার ভূমিকা নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। সেক্ষেত্রে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে পরীক্ষার্থীদের। এমনকি পরীক্ষার ধরন বা প্যাটার্ন গত বছরের মতোই অপরিবর্তিত রয়েছে।










