প্রীতি পোদ্দার, কলকাতা: এইমুহুর্তে কলকাতা-সহ উপকূলবর্তী জেলাগুলিতেও ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত বেশি থাকায় ঘাম ও গুমোট অস্বস্তি আরও বাড়ছে। এদিকে উত্তরবঙ্গে সম্পূর্ণ বৈপরীত্য আবহাওয়া। জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তার ফলেই উত্তরবঙ্গের (North Bengal) ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal) আগামী বেশ কয়েকদিন (Weather Tomorrow) এমনই থাকবে আবহাওয়া। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবার কলকাতার সহ দক্ষিণ বঙ্গে উষ্ণ আবহাওয়া বিরাজ করবে। সমস্ত জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে থাকবে। কলকাতায় ৩৭ ডিগ্রি, পশ্চিমের কোনও কোনও জেলায় ৪০ ডিগ্রি ছুঁতে পারে পারদ। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় গরমের তীব্রতা সবচেয়ে বেশি থাকবে। রোদের তেজও থাকবে ব্যাপক। জানা গিয়েছে, আগামী রবিবার পর্যন্ত চলবে এই চরম অস্বস্তিকর আবহাওয়ার দাপট।
থাকবে বৃষ্টির সম্ভাবনা
দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামীকাল কালবৈশাখীর মতো ঝড়ের সম্ভাবনাও রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও সেই বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও গরম পুরোপুরি কমবে না বলেই মত আবহাওয়াবিদদের।
আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডার পেলেও এই মহিলারা পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে ব্যাপক গরমের পরিবেশ থাকলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু অংশে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই কারণে জারি করা হয়েছে লাল সতর্কতা। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আশঙ্কা করা হচ্ছে আগামী মঙ্গলবার পর্যন্ত থাকবে এই দাপট।










