সৌভিক মুখার্জী, কলকাতা: পুজোর মুখে লটারি লাগল রাজ্যের সরকারি কর্মচারীদের। অবশেষে এসএসকে ও এমএসকে শিক্ষক এবং অন্যদের পারিশ্রমিক বৃদ্ধি করল (Salary Hike) পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের স্কুল শিক্ষা বিভাগের তরফ থেকে আজ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী এবার একধাক্কায় ৫০০০ টাকা করে বেতন বাড়ানো হয়েছে এই সমস্ত কর্মচারীদের। কত দাঁড়াচ্ছে নতুন বেতন?
বেতন বাড়ল এসএসকে এবং এমএসকে শিক্ষকদের
দীর্ঘদিন ধরেই রাজ্যের শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষকরা বেতন বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। তবে আগের সরকার প্রায় ৫ বছর তাদের বেতন বাড়ায়নি। অবশেষে রাজ্যে সরকার পরিবর্তন হতেই দুর্গাপুজোর আগে মিলল সুখবর। বুধবার স্কুল শিক্ষা বিভাগের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে প্রত্যেক বিভাগে কর্মরত কর্মীদের এবার ৫০০০ থেকে ৬০০০ টাকা করে বেতন বাড়ানো হয়েছে। নতুন বেতনের তালিকা—
- সহকারীদের বেতন আগে ছিল ১১ হাজার ৯৪১ টাকা। এখন বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৪১ টাকা।
- সম্প্রসারক বা সম্প্রসারিকাদের বেতন আগে ছিল ১৫ হাজার ৫২৩ টাকা। এখন বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৫২৩ টাকা।
- প্রধান যোগাযোগকারীদের বেতন আগে ছিল ১৬ হাজার ৭১৮ টাকা। এখন বেতন বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৭১৮ টাকা।
- একাডেমিক সুপারভাইজারদের আগে বেতন ছিল ১৩ হাজার ৭৮১ টাকা। এখন বেড়ে ১৮ হাজার ৭৮১ টাকা।
- পিএ-কাম-ডিওদের আগে বেতন ছিল ১৪ হাজার ৭৭৪ টাকা। এখন বেতন বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৭৪ টাকা।
- ডিস্ট্রিক্ট কোয়ালিটি ম্যানেজারদের আগে বেতন ছিল ১৯ হাজার ৬৯২ টাকা। এখন বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৬৯২ টাকা।
আরও পড়ুন: পুজোর আগেই মিলল সুখবর, Miscellaneous-এর ফলাফল প্রকাশ করল PSC
প্রসঙ্গত, এই বর্ধিত হারে বেতন কার্যকর হচ্ছে ১ অক্টোবর থেকেই। অর্থাৎ নভেম্বর মাসেই শিক্ষকরা এই বাড়তি বেতনের সুবিধা পাবেন। রাজ্যের পিছিয়ে পড়া শ্রেণির শিশুদের স্কুলে যাওয়ার জন্য এসএসকে এবং এমএসকে-র গুরুত্ব অপরিসীম। দীর্ঘদিন ধরেই বেতন বাড়ানোর দাবি ছিল তাদের। অবশেষে মান্যতা দিল সরকার।










