ভারতে ১০০% ইথানল জ্বালানি চালুর অনুমোদন কেন্দ্রের

Published:

Updated:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরান যুদ্ধের কারণে গোটা বিশ্ব বাজারে বেড়েছে অস্থিরতা। পাল্লা দিয়ে বাড়ছে পেট্রোল এবং ডিজেলের দাম। পরিস্থিতি ভয়াবহ হলে ভবিষ্যতে ভারতে এই দুই জ্বালানির দাম আরও বাড়তে পারে। এমতাবস্থায়, দেশের জ্বালানি নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Government)। কিছুদিন আগেই ইথানল মিশ্রিত জ্বালানি বা পেট্রোলের উপর থেকে অবগারি শুল্ক তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। এবার একেবারে 100 শতাংশ ইথানল (100 Percent Ethanol) জ্বালানি ব্যবহারের অনুমোদন দিয়ে দিল কেন্দ্রীয় সরকার। গতকাল অর্থাৎ শনিবারই এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রী নীতিন গডকড়ী।

রাস্তায় নামবে 100 শতাংশ ইথানলযুক্ত গাড়ি

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল, এবার 22 থেকে 30 শতাংশ পর্যন্ত ইথানল মিশ্রিত জ্বালানি বা পেট্রোলের উপর কোনও অবগারি শুল্ক চাপানো হবে না। সরকারের এমন সিদ্ধান্তের জেরে ছাড়ের আওতায় এসেছে E22, E25, E27 এবং E30 জ্বালানিগুলিও। তবে এবার কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ী 100 শতাংশ ইথানল জ্বালানি ব্যবহারের অনুমোদন দিয়ে দিলেন।

DD নিউজের রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ শনিবার কেন্দ্রীয় মন্ত্রী ঘোষণা করেছেন এবার থেকে দেশে 100 শতাংশ ইথানল জ্বালানি ব্যবহারে অনুমোদন দেওয়া হল। এর প্রধান উদ্দেশ্য হল, আমদানিকৃত জ্বালানি অর্থাৎ পেট্রোল এবং ডিজেলের উপর থেকে নির্ভরতা কমিয়ে আনা। যাতে ভবিষ্যতে এই দুই জ্বালানির দাম বাড়লে সংকটে পড়তে না হয় দেশবাসীকে।

সদ্য এনডিএ সরকারের 12 বছর পূর্তি উপলক্ষ্যে নাগপুরে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী গডকড়ী জানিয়েছিলেন, “গতকাল রাত আটটায়, আমি নিজে ভারতে 100 শতাংশ ইথানল ব্যবহারের আইনি অনুমোদন দেওয়ার বিধিমালা চূড়ান্ত করেছি এবং ওই ফাইলে সই করে দিয়েছি।” এদিন মন্ত্রী এও বলেন, 100 শতাংশ ইথানল জ্বালানি একবার দেশে চালু হয়ে গেলে পেট্রোল এবং ডিজেলের মতো জ্বালানির আমদানি ব্যয় অনেকটাই কমে আসবে।

অবশ্যই পড়ুন: মমতার দলে ফের ভাঙন! বিদ্রোহী সাংসদদের সংখ্যা বেড়ে হচ্ছে ২২, বললেন কাকলী

প্রসঙ্গত, 100 শতাংশ ইথানল জ্বালানি ব্যবহার করার আগে সম্পূর্ণ ইথানল সক্ষম যানবাহন বা গাড়ি তৈরি করা প্রয়োজন। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান 100 শতাংশ ইথানল জ্বালানি সক্ষম যানবাহন তৈরির প্রস্তুতি নিচ্ছে। আগামী ছয় সপ্তাহের মধ্যে টয়োটা, সুজুকি, এমজি, হান্ডাই সহ অন্যান্য একাধিক সংস্থা 100 শতাংশ ইথানল সক্ষম গাড়ি বাজারে আনবে।