বিক্রম ব্যানার্জী, কলকাতা: তাঁকে নিয়ে নিলামে জোর দর কষাকষি হবে সেটা বোঝা গিয়েছিল অনেক আগেই। এও বোঝা গিয়েছিল, অর্থের জোরে চেন্নাই সুপার কিংসের নজর কাটিয়ে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে কিনেই নেবে কলকাতা নাইট রাইডার্স (KKR IPL 2026 Auction)। শেষ পর্যন্ত হল সেটাই। দীর্ঘ জল্পনাকে সত্যি করে শেষ পর্যন্ত দাপুটে অলরাউন্ডার গ্রিনকে 25 কোটি 20 লক্ষ টাকায় কিনে নিলো সোনালী বেগুনি ফ্রাঞ্চাইজি। এটাই শেষ নয়, অজি তারকাকে দলে নেওয়ার পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম কোনও বিদেশি 25 কোটিরও বেশি মূল্যে বিক্রি হলেন।যা রেকর্ড হয়েই রইলো।
কলকাতার সাথে লড়াইয়ে পেরে উঠল না CSK
এবারের নিলামে যেসব দেশি-বিদেশি অলরাউন্ডারদের নাম উঠেছে তাদের মধ্যে সবচেয়ে বেশি অভিজ্ঞ এবং ক্ষমতাশালী অলরাউন্ডার অস্ট্রেলিয়ার গ্রিন। কাজেই বোঝাই গিয়েছিল মিনি নিলামে তাঁকে কিনতে দর কষাকষিতে নামবে একাধিক দল। যদিও সেই তালিকায় একেবারে প্রথমেই ঢুকে পড়েছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। কারণটা অবশ্য, দলে আন্দ্রে রাসেলের না থাকা।
10 জন প্লেয়ারকে ছেড়ে দিয়ে পার্সে সবচেয়ে বেশি অর্থ বাঁচিয়ে রেখেছিল কলকাতা নাইট রাইডার্স। 64 কোটি 30 লাখের পুঁজি নিয়েই নির্ধারিত সময়ে নিলামে নেমেছিল শহরের এই দল। তবে অবাক করা বিষয়, নিলাম শুরু হতেই প্রথমে গ্রিনকে কিনতে দর দেয় মাত্র 2 কোটি 75 লাখের মালিক মুম্বই ইন্ডিয়ান্স। তাতে কাজ না হওয়ায় ধীরে ধীরে দর বাড়তে থাকে এই অস্ট্রেলিয়ান প্লেয়ারের। এরপর ময়দানে নামে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস। এক খেলোয়াড়কে নিয়ে দীর্ঘক্ষণ লড়াই চলেছিল এই দুই শক্তিশালী দলের। তবে শেষ পর্যন্ত চেন্নাইয়ের মুখ থেকে গ্রিনকে ছিনিয়ে নিল কলকাতা।
শুধু তাই নয়, 25 কোটি 20 লাখ দাম দিয়ে অস্ট্রেলিয়ার এই প্লেয়ারকে কেনার সাথে সাথেই বড় রেকর্ড করে ফেলল সোনালী বেগুনি ফ্রাঞ্চাইজি। আসলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে আজ পর্যন্ত এত দাম পাননি কোনও বিদেশি। শেষবারের মতো অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ককে 24 কোটি 75 লাখে কিনেছিল KKR ই। এবার নিজেদের পুরনো রেকর্ড ভেঙে ফেলল নাইট ফ্রাঞ্চাইজি। যার জেরে IPL ইতিহাসে সবচেয়ে বেশি দাম পাওয়া বিদেশি হয়ে উঠলেন গ্রিন। এখন দেখার আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের দামের প্রতি এই অজি তারকা সুবিচার করতে পারেন কিনা।












