‘আমরাও কমিটি গঠন করেছি’, অবশেষে DA নিয়ে মুখ খুললেন মমতা

Published:

Mamata Banerjee On DA Case
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ ডিএ (DA) ইস্যুতে অবশেষে ফের একবার প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানালেন এই বিষয়ে সরকারের ঠিক অবস্থান কী সে বিষয়ে। গত ৫ ফেব্রুয়ারি, ২০২৬-এ পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্য কর্মচারীদের মধ্যে মহার্ঘ্য ভাতা বিরোধের বিষয়ে সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। এই সিদ্ধান্ত রাজ্যের প্রায় ২০ লক্ষ কর্মচারীর জন্য উল্লেখযোগ্য স্বস্তি এনেছে।

DA নিয়ে নীরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী

আদালত ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া মহার্ঘ্য ভাতা পরিশোধের নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে যে, তার পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন আদেশ অনুসারে, বকেয়া মহার্ঘ্য ভাতার ২৫% ৬ মার্চের মধ্যে পরিশোধ করতে হবে। অবশিষ্ট বকেয়া কীভাবে কিস্তিতে পরিশোধ করা হবে তা নির্ধারণের জন্য একটি কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছে। এদিকে ডিএ নিয়ে কমিটি রাজ্যও গঠন করেছে বলে এবিপি আনন্দকে দেওয়া এক সাক্ষাৎকারে জানালেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেছেন, ‘সুপ্রিম কোর্টে আমাদের রাস্তা খোলা আছে। সুপ্রিম কোর্টও কমিটি গঠন করেছে, আমরাও কমিটি গঠন করেছি। ওঁরা এই বিষয়টা দেখে নেবে। আমি আর এর মধ্যে ঢুকতে চাইছি না। আইনত যেটা সম্ভব হবে সেটা দেখে নেওয়া হবে।’ এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘আমি এটা নিয়ে কোনও উত্তর আপনাদের কাছে দেব না। যা আমি বিধানসভায় বা ওই দিন আপনারা প্রশ্ন করেছিলেন দিয়ে দিয়েছি, বাদবাকিটা বিষয়টা বিচারাধীন, আমি বিচারাধীন বিষয়ে কোনও মন্তব্যে যাব না।’

সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে। এতে রয়েছেন বিচারপতি ইন্দু মালহোত্রা, বিচারপতি তরলোচন সিং চৌহান, বিচারপতি গৌতম বিধুরী এবং একজন সিএজি কর্মকর্তা। এই কমিটি বকেয়া ডিএ কীভাবে বিতরণ করা হবে তা নির্ধারণ করবে। সুপ্রিম কোর্ট ১৬ মে-র মধ্যে কমিটির কাছে একটি রিপোর্ট চেয়েছে। পরবর্তী শুনানি ১৬ মে  হবে।  

ফের ভেস্তে যেতে পারে মামলা?

মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন মন্তব্য শুনে অনেকেই আশঙ্কা করছেন, তাহলে কি ফের ভেস্তে যাবে ডিএ মামলা? আবার টাকা দেবে না সরকার? অবসরপ্রাপ্ত বিচারপতিদের একটা বড় অংশ মনে করছেন, রিভিউ পিটিশনে যাওয়া ছাড়া এই মুহূর্তে আর তেমন কোনও রাস্তা খোলা নেই রাজ্য সরকারের কাছে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের কথায়, ‘রাজ্য সরকার রিভিউ পিটিশন করতে পারে। রিভিউ পিটিশন খারিজ হয়ে গেলে কিউরেটিভ পিটিশন করতে পারে। এই সমস্ত পথ খোলা আছে আইনি পথ। অথবা সুপ্রিম কোর্টের নির্দেশ মানতেও পারে। কোনটা করবে তা বলা শক্ত।’

আরও পড়ুনঃ রাজ্য সরকারকে জব্দ করতে বকেয়া DA মামলায় চরম পদক্ষেপ কর্মীদের

আদালত অবমাননার নোটিশ পাঠালেন সরকারি কর্মীরা

এদিকে শুক্রবার কেন বকেয়া মেটানো হচ্ছে না? কবে টাকা রিলিজ করা হবে? এমন একগুচ্ছ প্রশ্ন তুলে সটান রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিবকে অবমাননার নোটিশ পাঠালেন সরকারি কর্মীরা। যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে DA CASE এ আজ মুখ্য সচিব ও অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হলো। এই অবমাননার নোটিশ মূলত তৎক্ষণাৎ ২৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর যে কথা বলা হয়েছিল তার প্রেক্ষিতে পাঠানো। সুপ্রিম কোর্টের রায় বেরোনোর ৮ দিনের বেশি অতিক্রান্ত হওয়ার পরেও বকেয়া মেটানোর জন্য কোনরকম কোনো বৈঠক বা সদিচ্ছা সরকারের পক্ষ থেকে দেখতে না পেয়ে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হলো।’

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now