৩০% জায়গা সংরক্ষণ, আলু চাষীদের বড় সুখবর শোনাল নবান্ন

Published:

Nabanna
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: ভোটমুখী বাংলায় আলু চাষীদের জন্য দারুণ সুখবর। ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের চাষ করা আলু মজুত করার জন্য কোল্ড স্টোরেজে জায়গা ফাঁকা রাখার নির্দেশ দিল রাজ্য সরকার। নবান্নের (Nabanna) তরফে জানা গিয়েছে, কোল্ড স্টোরেজের অন্তত ৩০ শতাংশ জায়গা এখন থেকেই ফাঁকা রাখার ব্যবস্থা করতে হবে। আর এই বিষয়টি দেখার দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসক। আগামী ১ মার্চ থেকে শুরু হয়ে আগামী ২০ মার্চ পর্যন্ত এই ব্যবস্থা বহাল থাকবে বলে নির্দেশ দিয়েছে দপ্তর।

কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ব্যবস্থা সরকারের

উল্লেখ্য, বড় চাষিদের দাপটে অনেক সময়ই ছোট চাষিরা তাঁদের জমিতে উৎপাদিত আলু রাখার জায়গা পান না। সেক্ষেত্রে তাঁদের একাধিক ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই এই সমস্যা কাটাতে এবার চাষ পরবর্তী ব্যবস্থাপনা জোরদার করতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের জন্যও রাজ্য সরকার দারুণ পদক্ষেপ নিয়েছে। ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের চাষ করা আলু কোল্ড স্টেরেজে রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ইতিমধ্যেই নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে স্পষ্ট জানানো হয়েছে, কোল্ড স্টোরেজে ৩০% জায়গা ছোট ও প্রান্তিক চাষিদের জন্য সংরক্ষিত থাকবে। এমনকি সমস্ত ব্যবস্থা জেলাশাসকদের নজরদারিতে হবে বলেই নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষ বিজ্ঞপ্তি নবান্নের

নবান্নের তরফে জানা গিয়েছে, ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিরা জেলাশাসকের কাছে তাঁদের কেসিসি বা কৃষকবন্ধু কার্ড, বাংলা শস্য বিমা যোজনার চলতি বছরের প্রমাণপত্র সমেত জেলাশাসকদের কাছে কোল্ড স্টেরেজে জায়গার জন্য আবেদন করতে পারবেন। অন্যদিকে জেলাশাসকদের সময় বেঁধে দিয়ে নবান্নের নির্দেশ, আগামী ২০ মার্চের মধ্যে এই সংরক্ষিত জায়গা বরাদ্দের কাজ সম্পন্ন করতে হবে। চাষিরা সর্বোচ্চ ৩৫ কুইন্টাল অর্থাৎ ৭০ ব্যাগ আলু রাখতে পারবেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ আইন, ১৯৬৬-এর ২০সি ধারায় প্রদত্ত ক্ষমতাবলে রাজ্যপাল এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। যদিও ২০ মার্চের পর অব্যবহৃত সংরক্ষিত জায়গা কোল্ড স্টোরেজ মালিকরা সাধারণ নিয়মে ব্যবহার করতে পারবেন।

Nabanna

আরও পড়ুন: ভোটার তালিকায় ফের কোপ! বাংলার আরও ৬ লক্ষের বেশি নাম গায়েব, বাড়তে পারে সংখ্যা

রাজ্য সরকারের আলু চাষীদের প্রতি এই ব্যবস্থা নেওয়ার মূল উদ্দেশ্য হল আলুর ফসলের পর সংরক্ষণের সুবিধা দিয়ে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা। নবান্নের সাফ নির্দেশ চলতি মরশুমে কোল্ড স্টোরেজে আলু তোলার কাজ ১ মার্চ থেকে শুরু করে দিতে হবে। এ বিষয়ে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জানিয়েছেন, “আগেও ছোট চাষিরা আলু মজুত করত। তবে সরকার যদি চাষিদের থেকে ৩০ শতাংশ আলু কিনে নেয়, তাহলে ছোট চাষিরা আরও উপকৃত হবে।”

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now