প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন। শুধু পশ্চিমবঙ্গ নয়, এই নির্বাচন তামিলনাড়ু, কেরল, পুদুচেরির সঙ্গেই অসমেও হতে চলেছে। তাই ভোটের আগে অসমে এক দিনের সফরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জানা গিয়েছে, আজ অর্থাৎ শনিবার উত্তর-পূর্ব ভারতের প্রথম জরুরি অবতরণ সুবিধা কেন্দ্র মোরানে সি-১৩০জে (C-130J) সামরিক পরিবহণ বিমানে অবতরণ করলেন। যা ভারতীয় ইতিহাসে এক স্মরণীয় মুহূর্ত।
অসমে মোদি
রিপোর্ট মোতাবেক, আজ অর্থাৎ শনিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে চাবুয়া এয়ারফিল্ডে নামেন। সেখান থেকে ভারতীয় বায়ুসেনার দ্বিতীয় বৃহত্তম সামরিক পরিবহণ বিমান, সি-১৩০জে সুপার হারকিউলিস বিমানে চড়ে তিনি পৌঁছন অসমের মোরানে। ৩৬ নম্বর জাতীয় সড়কের উপর নির্মিত ৪.২ কিলোমিটার দীর্ঘ এয়ারস্ট্রিপে ‘ফুলস্টপ ল্যান্ডিং’ করে বিমানটি। প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই অবকাঠামো ভবিষ্যতে সামরিক ও অসামরিক – দুই ক্ষেত্রেই বিকল্প রানওয়ে হিসেবে ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক শনিবার এই পদক্ষেপকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যা দিয়েছেন।।
মোরানের বহুমুখী রানওয়ে নিয়ে পোস্ট মোদীর
প্রধানমন্ত্রীর বিমান অবতরণের পর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং বায়ুসেনার আধিকারিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মোদী। এছাড়াও প্রায় ৪০ মিনিটের এক বর্ণাঢ্য এয়ার শো উপভোগ করেন তিনি। তেজস, সুখোই, রাফাল-সহ একাধিক যুদ্ধবিমানের কসরত আকাশে নজর কাড়ে। প্রতিরক্ষা ও অবকাঠামো – দু’য়ের সমন্বয়ে উত্তর-পূর্বে কেন্দ্রের উপস্থিতি জোরদার করার ইঙ্গিত মিলেছে এই প্রদর্শনীতে। এই নিয়ে সমাজমাধ্যমে মোদী লিখেছেন, ‘‘মোরানের বহুমুখী রানওয়ে প্রতিরক্ষা, সরবরাহ এবং দুর্যোগ মোকাবিলা পরিকাঠামো আরও শক্তিশালী করবে।’’
It is a matter of immense pride that the Northeast gets an Emergency Landing Facility. From a strategic point of view and during times of natural disasters, this facility is of great importance. pic.twitter.com/eGaJIcptrf
— Narendra Modi (@narendramodi) February 14, 2026
ELF নির্মাণে জোর প্রতিরক্ষা বাহিনীর
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে চিনের ক্ষমতাকে দুর্বল করতেই ঢেলে সাজানো হচ্ছে বায়ুসেনার ঘাঁটিগুলিকে। সেক্ষেত্রে যুদ্ধকালীন পরিস্থিতিতে জাতীয় সড়কের সুনির্দিষ্ট কিছু অংশ বেছে নিয়ে রানওয়ে নির্মাণ করার প্রস্তুতি নিচ্ছে সামরিক বাহিনী। রাজস্থান, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, হরিয়ানা-সহ কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই ইমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি বা ELF নির্মাণ করা হয়েছে। তার মধ্যে কয়েকটিতে সামরিক পরিবহণ বিমানের পাশাপাশি যু্দ্ধবিমান অবতরণের ব্যবস্থাও রয়েছে। এখন দেখার ভারতীয় প্রতিরক্ষা বাহিনী আর কী কী নয়া চমক আনতে পারে।
#WATCH | Assam witnesses a historic moment as Prime Minister Narendra Modi lands at the Emergency Landing Facility (ELF) on Moran Bypass in Dibrugarh. Here, he will witness the aerial display of fighters, transports and helicopters. The ELF is the first of its kind in Northeast… pic.twitter.com/DOp6lNqAXP
— ANI (@ANI) February 14, 2026
আরও পড়ুন: তথ্যে একাধিক অসঙ্গতি! ৮,৫০৫ গ্রুপ ‘বি’ অফিসারের তালিকা ফিরিয়ে দিল কমিশন
প্রশাসনের তরফে জানানো হয়েছে অসম সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচিতে। আজই ব্রহ্মপুত্রের উপর গুয়াহাটি ও উত্তর গুয়াহাটিকে যুক্ত করা বহু প্রতীক্ষিত সেতু জনসাধারণের উদ্দেশে উন্মুক্ত করবেন তিনি। এর ফলে একদিকে যেমন যাতায়াতের সময় হ্রাস পাবে ঠিক তেমনই নদীর দুই তীরের যোগাযোগ আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে। তবে শুধু পরিবহন প্রকল্পই নয়, এদিন তিনি উচ্চশিক্ষার পরিকাঠামো সম্প্রসারনের জন্য বঙোরায় আইআইএম গুয়াহাটির অস্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করবেন। পাশাপাশি গুয়াহাটিতে অতিরিক্ত ১০০টি বৈদ্যুতিক বাসের সূচনাও করবেন তিনি।











