সৌভিক মুখার্জী, কলকাতা: চলতি বাজেটে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বেকার যুবক যুবতীদের জন্য চালু করা হয়েছে যুবসাথী প্রকল্প (Yuva Sathi Scheme), যেখানে আবেদন করলেই প্রতি মাসে মিলবে ১৫০০ টাকা করে আর্থিক সহযোগিতা। তবে এই মুহূর্তে সবথেকে বড় খবর, আগামীকাল অর্থাৎ রবিবার থেকেই এই প্রকল্পে অফলাইনের মাধ্যমে আবেদন শুরু হচ্ছে। হ্যাঁ, রাজ্যজুড়ে প্রতিটি ব্লকে ব্লকে শিবিরের আয়োজন করছে সরকার এবং এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে স্বনির্ভর বাংলা। তবে এই শিবিরগুলিতে শুধুমাত্র যুবসাথী নয়, বরং অন্যান্য প্রকল্পেও আবেদন করা যাবে। জানুন বিস্তারিত।
আগামীকাল থেকে শুরু হচ্ছে যুবসাথী প্রকল্পের আবেদন
রিপোর্ট অনুযায়ী, এবার রাজ্যের প্রতিটি বিধানসভায় স্বনির্ভর বাংলার আওতায় একটি করে ক্যাম্পের আয়োজন করা হবে। আগামীকাল থেকেই বসবে এই ক্যাম্প। আর এই শিবিরগুলিতে মূলত ক্ষেতমজুরদের আর্থিক সাহায্য থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার সহ বেশ কিছু প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করা যাবে। এমনকি কৃষি কাজের জন্য সরকারি টিউবওয়েল বা সেচ প্রকল্পের সুবিধা নেওয়ার জন্যও আবেদন করতে পারবেন এই শিবির থেকে। মোদ্দা কথা, এটি দুয়ারে সরকার ক্যাম্পের মতোই কাজ করবে।
জানা যাচ্ছে, এই শিবিরগুলি সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য প্রতিটি জেলার জেলা শাসককে নবান্নের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে। আর এদিন জেলা শাসকদের সঙ্গে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী নিজেই ভার্চুয়ালি বৈঠক করেছেন এবং এই শিবিরের রূপরেখা বিশ্লেষণ করেছেন। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকে জানিয়ে দিয়েছিলেন, প্রত্যেক জেলার কোন কোন বিধানসভায় কোথায় কোথায় এই ক্যাম্প বসবে তা সংবাদপত্রের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে জানানো হবে।
কতদিন চলবে এই স্বনির্ভর বাংলা ক্যাম্প?
রিপোর্ট মোতাবেক খবর, আগামীকাল অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এই শিবির, যেখানে খুব সহজেই বেকার যুবক-যুবতীরা অফলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করে আবেদন করতে পারবে। আর এই শিবিরগুলি চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শিবিরে গিয়ে খুব সহজেই আবেদন সেরে নিতে পারবেন। তবে অবশ্যই এই ১২ দিনের মধ্যেই আবেদন করতে হবে। নাহলে পরে আর আবেদনের সুযোগ পাওয়া যাবে না।
উল্লেখ্য, যুবসাথী প্রকল্পে আগামী এপ্রিল মাস থেকেই বেকার যুবক-যুবতীদের মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার। এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অন্তর্বর্তী বাজেটেই এই প্রকল্পের ঘোষণা করা হয়েছিল, যেখানে আগস্ট মাস থেকে ভাতা দেওয়ার কথা থাকলেও পরে তা সংশোধন করা হয়। এছাড়াও এবার বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে, আর ক্ষেত মজুরদের আর্থিক সাহায্য প্রকল্পে বছরে ২০০০ টাকা করে দেওয়া হবে। আর এই প্রকল্পগুলির আবেদনও এই শিবির থেকে করা যাবে।
আরও পড়ুন: ৩৩০০ কোটি টাকা ব্যয়, কুমার ভাস্কর বার্মা সেতু উদ্বোধন করলেন মোদী, জানুন বিশেষত্ব
যুবসাথী প্রকল্পে কী কী ডকুমেন্ট লাগবে?
যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য যে ডকুমেন্টগুলি সঙ্গে রাখতে হবে সেগুলি হল—
- আবেদনকারীর পরিচয়পত্র হিসেবে আধার কার্ড,
- বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড প্রয়োজন পড়বে,
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের রেজাল্ট এবং সার্টিফিকেট,
- আইএফএসসি কোডসহ ব্যাঙ্কের পাসবুকের জেরক্স কপি,
- সম্প্রতি তোলার রঙিন পাসপোর্ট সাইজের ছবি আর মোবাইল নম্বর।











