‘ভাতার টাকায় যদি স্যালারি দেয়…’ যুবসাথীর লাইনে দাঁড়িয়ে MA, BSC

Published:

Yuva Sathi
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: দীর্ঘ অপেক্ষার অবসান, আজ অর্থাৎ রবিবার থেকে শুরু হয়েছে ক্যাম্প। ১ এপ্রিল থেকে চালু হবে ‘যুবসাথী প্রকল্প‘ (Yuva Sathi)। আর সেই প্রকল্পে আবেদনের জন্যই আজ থেকে শুরু হয়ে টানা এগারো দিন চলবে ক্যাম্প। এ দিন, দেখা গেল জেলায়-জেলায় বসেছে ক্যাম্প চলছে। লাইনে দাঁড়িয়ে বেকার ভাতার জন্য আবেদন করছেন তরুণ-তরুণীরা।

শুরু হয়ে গেল যুবসাথী প্রকল্পের আবেদনপত্র গ্রহণ

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আর সেই সময় নারী সমাজের পাশাপাশি রাজ্যের যুবকদের দিকেও বিশেষ নজর দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মেয়েদের জন্য যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী-সহ একাধিক প্রকল্প রয়েছে। ঠিক তেমনই যুব সমাজের কর্মসংস্থান ও আর্থিক সুরক্ষার কথা মাথায় রেখে নতুন প্রকল্প ‘যুবসাথী’ চালুর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছর এপ্রিল থেকেই মিলবে সেই ভাতা। সেই কারণে আজ থেকে বাংলার ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ২৯৪টি ক্যাম্পে শুরু হয়েছে আবেদন পত্র জমা দেওয়ার প্রস্তুতি।

লাইনে দাঁড়িয়ে অসংখ্য তরুণ-তরুণীরা

যুবসাথী প্রকল্প অনুযায়ী, ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীরা এই ভাতা পাবেন। মহিলা ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত মাসিক দেড় হাজার টাকা অর্থ সাহায্য করতে করা হবে। তাই সেই প্রকল্পে আবেদনের জন্য আজ থেকেই টানা এগারো দিন অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ক্যাম্প। সকাল থেকেই এদিন দেখা গেল জেলায়-জেলায় বসেছে ক্যাম্প। লাইনে দাঁড়িয়ে অসংখ্য তরুণ-তরুণীরা। কলকাতা-সহ জেলায়-জেলায় একই ছবি। কিন্তু এসবের মাঝেই অনেকেই ভাতা না দিয়ে চাকরির দাবি করে চলেছেন।

চাকরির আবেদন বাংলার বেকার ছেলেমেয়েদের

যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য এদিন বিএ, বি কম, বিএসসি এমনকী এমএ পড়ুয়ারা এসেছেন। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক তরুণী বলেন, “কলকাতায় চাকরি নেই। আমার ফিল্ডে তো নেই। যদি এই সব ভাতা না দিয়ে একটু চাকরির সুযোগ দিত ভাল হতো।” আরও এক যুবক বলেন, “আপাতত ঠিক আছে। কিন্তু চাকরি বেশি দরকার। যে টাকা ভাতা দিচ্ছে সেই টাকাই যদি স্যালারি দেয় তাতেও কাজ করব।” যদিও এই ভাতা নিয়ে অনেকেই প্রশংসা করছেন। এক যুবক বলেন, “আমি রোজ গাড়িতে দুলিটার তেল ভরি। এই ভাতার টাকায় কিছু তো অন্তত সাহায্য হবে।”

আরও পড়ুন: দলের মহিলা প্রধানকে রুমে ডেকে জোর করে চুমু তৃণমূল নেতার! তারপর যা হল… তোলপাড় কাঁথি

রাজ্য সরকারের যুবসাথী নিয়ে তীব্র আক্রমণ করে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, “বাংলার যুব সমাজ বুঝে গিয়েছে এখানে শিক্ষার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। এখন যুব সমাজকে বোকা বানাতে ভাতার ব্যবস্থা করা হয়েছে। আসলে আমাদের ট্যাক্সের টাকায় এই ভাতা দেওয়া হচ্ছে। যুব সমাজকে বলব, এভাবে চলবে। আপনাদের ভবিষ্যৎ আপনাদেরই তৈরি করতে হবে। পরিবর্তন আপনাদেরই নিয়ে আসতে হবে।”

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now