প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোর প্রস্তুতিতে নেমে পড়েছে সকল রাজনৈতিক দল। একদিকে শাসকদল তৃণমূল কংগ্রেস জেলায় জেলায় উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রকল্প নিয়ে নানা পরিকল্পনা বাস্তবায়িত করছে অন্যদিকে বিজেপিও একাধিক কর্মসূচি করে চলেছে বিভিন্ন জায়গায়। আবার এসবের মাঝে SIR নিয়ে তুঙ্গে রয়েছে রাজনৈতিক চাপানউতোর। তাই সব মিলিয়ে ডামাডোল পরিস্থিতি বঙ্গ রাজনীতিতে। কিন্তু এসবের মাঝে নাকি এবার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা আরও বৃদ্ধি পাবে। এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
শাসকদলের আসন সংখ্যা নিয়ে মতামত মমতার
সম্প্রতি এক জনপ্রিয় সংবাদমাধ্যম সাক্ষাৎকার পর্বের আয়োজন করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেখানে আসন্ন বিধানসভা নির্বাচন থেকে শুরু করে তাঁর রাজনৈতিক জীবনের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছিল। সাক্ষাৎকারে বিধানসভা নির্বাচনে ভোটের ফলাফল কী হতে পারে প্রশ্ন করা হলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মানুষের উপরে বিশ্বাস, ভরসা, আস্থা সবটাই আছে। মা-মাটি-মানুষই তৃণমূল কংগ্রেসের ভরসা। আর শীত-গ্রীষ্ম-বর্ষা – তৃণমূল কংগ্রেসই মানুষের ভরসা।” এরপরই তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এবার তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা আরও বৃদ্ধি পাবে। মানুষের উপরে বিশ্বাস, ভরসা, আস্থা সবটাই আছে। বিজেপি এসআইআরের নামে মানুষের উপরে যে অত্যাচার করেছে, ধর্মে-ধর্মে আগুন লাগিয়েছে, হিংসা লাগিয়েছে, আদিবাসী ছেলেমেয়েদের উপর অত্যাচার করছে। এর উত্তর তো ব্যালটেই হবে।”
২৫০ আসনের লক্ষ্যমাত্রা অভিষেকের
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল ২১৩টি আসন। সেই সময় বিজেপির ঝুলিতে ছিল মাত্র ৭৭টি আসন। এমনকি পরবর্তী উপ-নির্বাচনের ক্ষেত্রেও তৃণমূলের আসন সংখ্যা খাতায় কলমে আরও বেশি যেমন ছিল পদ্মশিবিরে সেই সংখ্যা অনেকটাই কম ছিল। তবে এবারও ভোট হবে আরও হাড্ডাহাড্ডি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক জনসভায় তৃণমূলের ২৫০ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন। এদিকে বিজেপির আসন সংখ্যা নিয়েও বড় আপডেট দিয়েছে কুণাল ঘোষ। তিনি দাবি জানিয়েছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা ৩০ পেরোবে না এবং আবারও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: ৪৮ ঘণ্টায় ১৩ লক্ষ বেকারের যুবসাথীতে আবেদন! সর্বাধিক মুর্শিদাবাদে, কলকাতায় কত?
প্রসঙ্গত, ২৬ এর বিধানসভা নির্বাচনের ফলাফল কোন দিকে মোড় নেবে সবটাই নির্ভর করছে জনগণের উপর, তাই সবটাই এখন অনুমান ভিত্তিক। সূত্রের খবর, আগামী ১ মার্চ এবং ২ মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তখনই আশা করা যাচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হবে। তবে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট কত দফায় হবে তাই নিয়ে স্পষ্ট কিছুই জানানো হয়নি। আসলে নির্বাচনের সময় কত কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে তার উপরে নির্ভর করছে যে কত দফায় পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট হবে।












