ট্রাম্পের হুঁশিয়ারি পাত্তাই দেয়নি মোদী, রাশিয়া থেকে নির্দ্বিধায় তেল কিনছে ভারত! দাবি মস্কোর

Published:

India Russia Oil Imports
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: রাশিয়া থেকে তেল কেনা (India Russia Oil Imports) নিয়ে এমনিতেই ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তবে শত চোখরাঙানির পরেও রাশিয়া থেকে নির্দ্বিধায় তেল কিনছে ভারত। এমনটাই জানালো দেশটির বিদেশ মন্ত্রকের মুখপাত্র  মারিয়া জাখারোভা। এদিন তিনি স্পষ্ট বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের কথায় কোনও কিছুই হয়নি, বরং রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে ভারত তাদের অবস্থান বদল করেনি। এদিকে ২০২৫ এর জানুয়ারি মাসের তুলনায় এবছরের জানুয়ারি মাসে রাশিয়া থেকে ৪০.৫ শতাংশ তেল কম কিনেছে ভারত এরকম যে খবর ছড়িয়েছিল, তার কোনও যুক্তি নেই বলেও জানান তিনি।

কী বললেন রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র?

বুধবার রুশ বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা স্পষ্ট বলেন, ভারতের রাশিয়ান হাইড্রোকার্বন কেনা দুই দেশের পক্ষেই লাভজনক। আর আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখার জন্য এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেল আমদানির ক্ষেত্রে ভারতের অবস্থানে কোনও রকম পরিবর্তন আসেনি। আর ভারত যে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে, এরকমটা বিশ্বাস করার কোনও ভিত্তি নেই। মার্কিন প্রেসিডেন্ট বা বিদেশ সচিবের কথায় কোনও সিদ্ধান্তে রদবদল হয়নি।

এদিকে এই মন্তব্য ঠিক এমন সময় সামনে এসেছে, যখন ওয়াশিংটন দাবি করছে, ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করতে রাজি হয়েছে। হ্যাঁ, গত সপ্তাহে মার্কো রুবিও বলেছিলেন যে, ভারত এই সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে। এর আগে ফেব্রুয়ারি মাসের শুরুতে ভারতের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির ঘোষণা করতে গিয়ে ট্রাম্পও দাবি করেন যে, ভারত আর রাশিয়া থেকে কোনও রকম অপরিশোধিত তেল কিনবে না। হ্যাঁ, মার্কিন প্রেসিডেন্ট নিজেই জানিয়েছিলেন, রুশ তেল না কেনা এবং পাঁচ বছরে ৪৫ লক্ষ কোটি টাকার মার্কিন পণ্য কেনার শর্তে ভারত আর আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে স্বাক্ষরিত হয়েছে। এরপর প্রশ্ন উঠেছিল, তাহলে রাশিয়া থেকে কি তেল আমদানি বন্ধ করবে ভারত? যদিও দিল্লির তরফ থেকে কোনও সদুত্তর আসেনি।

এদিকে এই দাবির পেছনে রয়েছে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপ। তাঁদের মধ্যে কথাবার্তার পরেই সামনে আসে বড়সড় ঘোষণা। দুই দেশের পক্ষ থেকে জানানো হয় যে, ভারতীয় পণ্যের উপর মার্কিন শুল্ক কমিয়ে এবার ৫০ শতাংশ থেকে ১৮ শতাংশ করা হয়েছে। যার মধ্যে গত বছরের আগস্ট মাসে রাশিয়া থেকে তেল কেনার জন্য শাস্তিমূলক হিসাবে চাপানো অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কও প্রত্যাহার করা হয়েছে।

আরও পড়ুন: আজ বদলে গেল রুপোর দাম, কততে বিকোচ্ছে সোনা? দেখুন রেট

তবে ওয়াশিংটনের দাবি নিয়ে এখনও পর্যন্ত মোদী সরকার কোনও প্রতিক্রিয়া দেয়নি। আর নয়াদিল্লির অবস্থান আগের মতোই স্পষ্ট। কারণ, ভারত নিজেদের স্বার্থেই একমাত্র কাজ করবে এমনটা জানিয়েছিল। এর আগে রাশিয়া অভিযোগ করেছিল যে, ব্রিটেন নাকি ভারতসহ অন্যান্য দেশকেও রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে বিরত থাকার জন্য চাপ সৃষ্টি করছে। কিন্তু মস্কো দাবি করেছে, নিষেধাজ্ঞা আর সরাসরি নিষেধাজ্ঞার মতো পদ্ধতি ব্যবহার করছে ওয়াশিংটন। যদিও রুশ বিদেশ মন্ত্রকের বক্তব্যে স্পষ্ট হয়ে গেল যে, ভারত এখনও পর্যন্ত রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে কোনওরকম শর্তসাপেক্ষ পরিবর্তন আনেনি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now