দিল্লি হাই কোর্টে ধাক্কা খেলেন আলাপন বন্দ্যোপাধ্যায়, খারিজ পিটিশন

Published:

Alapan Banerjee
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: আরও অস্বস্তিতে আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Banerjee)! এবার পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যসচিবের আবেদন সরাসরি খারিজ করল দিল্লি হাই কোর্ট। অভিযোগ শৃঙ্খলামূলক কার্যক্রম সংক্রান্ত মামলা স্থানান্তরের ক্ষেত্রে কোনও মেরিট না থাকায় এই সিদ্ধান্ত বিচারকদের। নির্বাচনের আবহে মামলা স্থানান্তর সংক্রান্ত রায় পুনর্বিবেচনার ক্ষেত্রে এই ধাক্কা নিয়ে বেজায় অস্বস্তিতে পড়ল রাজ্য সরকার।

শৃঙ্খলামূলক পদক্ষেপ আলাপনের বিরুদ্ধে

উল্লেখ্য, রাজ্যে ঘূর্ণিঝড় ইয়াস-এর ক্ষয়ক্ষতি নিয়ে ২০২১ সালের ২৮ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর্যালোচনাসভায় যোগ দেওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের। বৈঠকটি হয়েছিল কলাইকুন্ডা বায়ুসেনা ঘাঁটিতে। কিন্তু সেই নির্দেশ অমান্য করেন আলাপন। তাই তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার শৃঙ্খলামূলক পদক্ষেপ শুরু হয়। অভিযোগ, পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হওয়া সত্ত্বেও তিনি ওই বৈঠকে উপস্থিত হননি। প্রথমে এই পদক্ষেপের বিরুদ্ধে আলাপন কলকাতা বেঞ্চে ক্যাটে আবেদন করে চ্যালেঞ্জ জানান।

দিল্লি হাই কোর্টে মামলা আলাপনের

সূত্রের খবর, আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করা শৃঙ্খলামূলক কার্যক্রম সংক্রান্ত মামলাটি কেন্দ্রের তরফে দিল্লির প্রধান বেঞ্চে স্থানান্তরের আবেদন জানানো হয়। আর সেই আবেদন ২০২১ সালের ২২ অক্টোবর ক্যাটের প্রধান বেঞ্চ মঞ্জুর করে এবং মামলাটি নয়াদিল্লিতে স্থানান্তরিত হয়। যার ফলে ২০২১ সালের ২৯ অক্টোবর কলকাতা হাই কোর্ট শৃঙ্খলামূলক পদক্ষেপ নিয়ে আলাপনের আবেদন খারিজ করে দেয়। কিন্তু সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের ওই রায় বাতিল করে দেয় এবং আলাপনকে সংশ্লিষ্ট হাইকোর্টে এই স্থানান্তর আদেশ চ্যালেঞ্জ করার পূর্ণ স্বাধীনতা দেয়। আর সেই কারণেই দিল্লি হাই কোর্টে আলাপন বন্দ্যোপাধ্যায় শৃঙ্খলামূলক কার্যক্রম সংক্রান্ত মামলা স্থানান্তরের আবেদন জানান।

আরও পড়ুন: নিমেষে ধ্বংস হতে পারে ১৫ হাজার শহর! পৃথিবীর বুকে ধেয়ে আসছে বিরাট গ্রহাণু

আবেদন খারিজ দিল্লি হাইকোর্টের

রিপোর্ট মোতাবেক, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে বিচারপতি সি হরি শঙ্কর ও বিচারপতি জ্যোতি সিংহের ডিভিশন বেঞ্চে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে আলাপনের বিরুদ্ধে চলা শৃঙ্খলামূলক কার্যক্রম সংক্রান্ত মামলা স্থানান্তরের বিষয়টি উপস্থাপিত হলে সেই আর্জি পুনরায় খারিজ করে দেওয়া হয়। আদালতের পর্যবেক্ষণ, “রিভিউ পিটিশনটির কোনও মেরিট না থাকায় তা খারিজ করা হল।” যদিও এর আগে, ২০২২ সালের ৭ মার্চ দিল্লি হাই কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি এন পটেল ও বিচারপতি জ্যোতি সিংহের বেঞ্চ আলাপনের করা মূল আবেদন খারিজ করেছিল। তখন সেই রায়ে বলা হয়েছিল, সংশ্লিষ্ট স্থানান্তর আদেশ আইনের চার দেওয়ালের মধ্যে থেকেই জারি হয়েছে। কারণ, শৃঙ্খলামূলক ও তদন্ত সংক্রান্ত কার্যক্রমের কারণসূত্র নয়াদিল্লিতেই হয়েছে। ফলে কোনও আইনগত ভুলের ইঙ্গিত পাওয়া যায়নি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now