রাশিয়া নয়, এই দেশ থেকে এখন সবচেয়ে বেশি তেল আমদানি করছে ভারত!

Published:

India Oil Imports From Saudi Arabia
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চিরকালই ভারতকে রাশিয়া থেকে তেল না কেনার পরামর্শ দিয়ে এসেছে আমেরিকা (India Oil Imports)। কখনও নরমে, কখনও আবার লাল চোখ দেখিয়ে নয়া দিল্লিকে মস্কো থেকে তেল না কেনার নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশ সহ পশ্চিমী দুনিয়া। প্রাথমিকভাবে সেইসব নির্দেশকে বুড়ো আঙুল দেখালেও, আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার পরই রাশিয়া থেকে তেল কেনা ধাপে ধাপে কমিয়ে দিয়েছে ভারত। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এমন দাবি জানিয়ে এসেছেন বারবার। তবে এবার শোনা যাচ্ছে, রাশিয়ার পরিবর্তে ওপেকভুক্ত দেশগুলি থেকে তেল আমদানি বাড়াচ্ছে ভারত। রাশিয়ার তেল ট্যাংকারগুলির বদলে ভারতীয় বন্দরে এসে দাঁড়াচ্ছে সৌদি আরবের মতো ওপেকভুক্ত দেশগুলির তেল ট্যাংকার।

রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দিচ্ছে ভারত?

সালটা 2022। সেবার রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধের কারণে আমেরিকা সহ পশ্চিমী দেশগুলি রাশিয়ার উপর বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু তা সত্ত্বেও সেই সময় রাশিয়ার পাশে দাঁড়িয়ে ছিল ভারত। অন্যান্য দেশের তুলনায় অধিক ছাড়ে রাশিয়া থেকে তেল আমদানি শুরু করে নয়া দিল্লি। একটা সময় যেখানে রাশিয়া থেকে তেল আমদানি মোট আমদানির এক শতাংশ ছিল তা পরবর্তীতে গিয়ে দাঁড়ায় 40 শতাংশে। ভারতের বৃহত্তম তেল সরবরাহকারী হয়ে ওঠে বন্ধু দেশটি।

তবে পরবর্তীতে আমেরিকার তরফে বারবার চাপ এবং সাম্প্রতিক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির কারণে ভারতীয় তেল সংস্থাগুলি রাশিয়া থেকে ধীরে ধীরে সরতে শুরু করেছে। এ নিয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি না থাকলেও একাধিক রিপোর্ট অনুযায়ী, বিগত দিনগুলিতে ধাপে ধাপে রাশিয়া থেকে তেল আমদানি কমিয়ে দিয়েছে নয়া দিল্লি। রিপোর্ট বলছে, 2026 সালের জানুয়ারিতে রাশিয়া থেকে ভারতের তেল আমদানির পরিমাণ প্রতিদিন প্রায় 1.1 মিলিয়ন ব্যারেলে নেমে গিয়েছে।

ভারতের বৃহত্তম তেল সরবরাহকারী হয়ে উঠেছে সৌদি

Tv 9 এর এক প্রতিবেদন অনুযায়ী, রাশিয়া থেকে নানান কারণে তেল আমদানি কমিয়ে দেওয়ার মাঝেই মধ্যপ্রাচ্যের দেশগুলির উপর ফের নির্ভরশীল হয়ে পড়েছে ভারত। ওপেকভুক্ত সৌদি আরব ফের হয়ে উঠেছে ভারতের বৃহত্তম তেল সরবরাহকারী দেশ। এখনও পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে রেকর্ড পরিমাণ তেল সৌদি আরব থেকে এসেছে এ দেশে। জানা যাচ্ছে, নতুন বছরে সৌদি আরব থেকে ভারতের তেল আমদানি এক ধাক্কায় বেড়ে 60 শতাংশে গিয়ে ঠেকেছে। অন্যদিকে আমেরিকা থেকে তেল আমদানি বৃদ্ধি পেয়েছে 31 শতাংশ। রিপোর্ট অনুযায়ী, ওপেক দেশগুলি গত 11 মাসের মধ্যে ভারতকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল দিয়েছে।

অবশ্যই পড়ুন: IPL সম্প্রচারে ব্যান তুলতে পারে বাংলাদেশ, মুস্তাফিজুর ফিরছেন KKR-এ?

রাশিয়া থেকে আর তেল কিনবে না ভারত?

বিশ্লেষক মহলের একটা বড় অংশের দাবি, বহু পুরনো বন্ধু রাশিয়ার সাথে বাণিজ্য অব্যাহত রাখবে ভারত। আগের মতো না হলেও পরিমাণে অল্প অপরিশোধিত তেল আমদানি অব্যাহত থাকবে নয়া দিল্লির। এদিকে ভারত রাশিয়া থেকে তেল আমদানি কমিয়ে দেওয়ায় সেই সুযোগ নিয়েছে চিন। একাধিক সংবাদ সংস্থার রিপোর্ট বলছে, সাম্প্রতিক সময়ে ধীরে ধীরে রাশিয়া থেকে তেল আমদানি বাড়াচ্ছে ড্রাগন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now