বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানে আইফোন উৎপাদন করবে অ্যাপেল (Apple In Pakistan)! এমনটাই দাবি করছে পশ্চিমের দেশের একাধিক সংবাদমাধ্যম। ওই রিপোর্টগুলিতে বলা হচ্ছে, পাকিস্তান সরকার সে দেশে আইফোন উৎপাদনের জন্য মার্কিন সংস্থা অ্যাপেলকে প্রণোদনা দেবে। যদিও এ সংক্রান্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি শেহবাজ শরীফ সরকারের তরফে। এদিকে শোনা যাচ্ছে, মার্কিন সংস্থাটির তরফে পাকিস্তানে আইফোন উৎপাদন করার ক্ষেত্রে তিনটি শর্ত রাখা হয়েছে। পাক সরকার যদি সেই শর্ত মেনে নেয়, তাহলে নাকি পাকিস্তানে এবার থেকে তৈরি হবে আইফোন।
পাকিস্তানে তিন শর্তে আইফোন উৎপাদন করবে অ্যাপেল!
দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক রিপোর্ট অনুযায়ী, মার্কিন সংস্থা অ্যাপেল এক বিশেষ পরিকাঠামোর অধীনে পাকিস্তানে আইফোন নির্মাণ এবং তা সংস্কার করবে। পরবর্তীকালে সেগুলি পুনরায় রপ্তানি করা যাবে। ওই রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান সরকার নাকি আইফোনগুলিকে পুনরায় রপ্তানি করে প্রথম বছরে 100 মিলিয়ন ডলার রাজস্ব আয় করতে চাইছে। যদিও এ নিয়ে দেশটির সরকার কিংবা আমেরিকান সংস্থার তরফে কিছুই জানানো হয়নি।
রিপোর্ট অনুযায়ী, মার্কিন সংস্থা অ্যাপেল পাকিস্তানে আইফোন পুনর্নির্মাণের জন্য মূলত তিনটি শর্ত বেধে দিয়েছে। যার মধ্যে প্রথমটি হল, পাকিস্তান সরকারকে অধিক ছাড়ে অ্যাপেলকে জমির ব্যবস্থা করে দিতে হবে। দ্বিতীয় শর্ত হিসেবে অ্যাপেল বলেছে, তারা পাকিস্তানে আইফোন পুননির্মাণ করবে যদি সরকার 8 শতাংশ কর্মক্ষমতা প্রণোদনা দিয়ে থাকে এবং তৃতীয় অর্থাৎ শেষ শর্ত হিসেবে দুই থেকে তিন বছর বয়সী আইফোন মেরামতের পরিকল্পনা চাওয়া হয়েছে সরকারের কাছে। যদিও পাকিস্তান সরকারের তরফে এই শর্তগুলি মেনে সে দেশে আইফোন নির্মাণে সবুজ সংকেত দেওয়া হয়নি।
এ প্রসঙ্গে, ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট বোর্ডের CEO হামাদ আলি মনসুর জানিয়েছেন, “অ্যাপেলের AI মডেল ইতিমধ্যেই ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এমনকি ভারতে পা রেখেছে। সেখানে স্থানীয় আগ্রহীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য দুই থেকে তিন বছর বয়সী আইফোন মেরামতের কাজ শুরু হয়েছে। পরবর্তীতে ওই ফোনগুলি তৈরি করা হবে। পাকিস্তান সরকার ইতিমধ্যেই বিভিন্ন মোবাইল ফোন নির্মাতা সংস্থা গুলিকে 6 শতাংশ প্রণোদনা দিচ্ছে। তবে অ্যাপেলের এর মতো বিশ্বমানের সংস্থাকে পাকিস্তানে আনতে হলে 8 শতাংশ প্রণোদনা দিতে হবে।
অবশ্যই পড়ুন: ৯২-এ চিরবিদায় ‘চৌরঙ্গী’র স্রষ্টা শংকরের, শোকপ্রকাশ মমতার
বলাই বাহুল্য, দেশে মোবাইল মোবাইল ফোন নির্মাণের ক্ষেত্রে বিভিন্ন সংস্থাগুলিকে প্রণোদনা দিয়ে বিশ্বের অন্যান্য নামজাদা সংস্থাগুলিকে আকৃষ্ট করতে চাইছে পাকিস্তান সরকার। সেক্ষেত্রে আমেরিকার অ্যাপলের মতো বিরাট সংস্থাকে দেশে জায়গা দিতে পারলে আখেরে লাভ হবে পাকিস্তানেরই। যদিও বাস্তব অর্থে, পাকিস্তানে এখনও পর্যন্ বড় কোনও সংস্থা বিনিয়োগের ইচ্ছে প্রকাশ করেনি।












