বিক্রম ব্যানার্জী, কলকাতা: জল্পনা বেড়েছিল কিছুদিন আগেই। শুক্রবার অবশেষে সেই জল্পনায় পড়ল গেরুয়া কালি। হ্যাঁ, আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগদান করলেন অরবিন্দ কেজরিওয়ালের দলের দীর্ঘদিনের সৈনিক রাঘব চাড্ডা (Raghav Chadha)।। সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়ায় নিজের বাচনভঙ্গি এবং বক্তৃতা দিয়ে ব্যাপক সাড়া ফেলেছিলেন তিনি। সেই রাঘবই যে পদ্মফুল শিবিরে ভাবতেই পারছেন না একটা বড় অংশের অনুরাগী!
কেন আম আদমি পার্টি ছাড়লেন রাঘব?
যে রাঘব চাড্ডা গতকাল পর্যন্তও সোশ্যাল মিডিয়ায় বিজেপির বিরুদ্ধে গলা ফাটাতেন। সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের নানান সিদ্ধান্তের বিরোধিতা করতেন। সেই আম আদমি পার্টির দীর্ঘদিনের সৈনিক এখন পদ্মফুল শিবিরে। বিষয়টা যেন ভাবতেই পারছেন না অনুগামীরা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি অরবিন্দ কেজরিওয়ালের দলের সাথে মনোমালিন্যের কারণেই বিজেপিতে যোগদান করলেন রাঘব?
এ প্রসঙ্গে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে রাঘব চাড্ডা জানিয়েছিলেন, “আমি আজ আপনাদের সেই প্রকৃত কারণ জানাবো যে জন্য আমি দলের কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। আমি ওদের অপরাধের অংশ হতে চাইনি। আমি ওদের বন্ধুত্বের যোগ্য ছিলাম না। কারণ আমি তাদের অপরাধে সাহায্য করিনি!” রাঘবের বক্তব্য ছিল, তাঁর কাছে শেষ পর্যন্ত দুটি পথ খোলা ছিল। প্রথমত, আমাকে রাজনীতি ছেড়ে দিয়ে বিগত 15-16 বছরের জনসেবামূলক কাজকে বিসর্জন দিতে হতো। দ্বিতীয়ত, আমি আমার নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইতিবাচক ভাবে রাজনীতি করতে পারতাম। তাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম রাজ্যসভায় আপের প্রতিনিধিত্বকারী আমরা দুই তৃতীয়াংশ সদস্য বিজেপিতে যোগ দেব।”
অবশ্যই পড়ুন: ভোটের আবহে কলকাতায় বাইক চলাচলে নিষেধাজ্ঞা! প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি
প্রসঙ্গত, রাঘব চাড্ডা ছাড়াও আম আদমি পার্টির আরও দুজন রাজ্যসভার সাংসদ পুরনো দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আম আদমি পার্টির অশোক মিত্তল এবং সন্দীপ পাঠক নামক দুই সংসদ ইতিমধ্যেই অরবিন্দ কেজরিওয়ালের দলের অস্বস্তি বাড়িয়ে গেরুয়া ঝান্ডা ধরেছেন।










