TMC-র ব্লক সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ভিলেজ পুলিশ! বাঁকুড়ায় তুলকালাম কাণ্ড

Published:

Bankura
Follow

সৌভিক মুখার্জী, বাঁকুড়া: বাঁকুড়ার (Bankura) সিমলাপাল ব্লকে এক ভিলেজ পুলিশকে তৃণমূল কংগ্রেসের ব্লক সাধারণ সম্পাদক পদে বসানোকে কেন্দ্র করে এবার শুরু হল তীব্র রাজনৈতিক বিতর্ক। পুলিশকর্মীদের সামাজিক মাধ্যমে আচরণবিধি নিয়ে নির্দেশিকা জারি হওয়া সত্ত্বেও নতুন করে প্রশ্ন উঠেছে প্রশাসন এবং রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে। আর এ নিয়ে ভোটের আগে আঙুল উঠছে শাসকদলের দিকে।

ঠিক কী ঘটেছে?

জানা যাচ্ছে, সিমলাপাল ব্লকের বিক্রমপুর গ্রামের বাসিন্দা মধুসূদন কর্মকার ২০১২ সাল থেকেই ভিলেজ পুলিশ হিসেবে কর্মরত। সম্প্রতি তৃণমূলের সিমলাপাল ব্লক কমিটির নতুন তালিকা প্রকাশিত হলে দেখা যাচ্ছে, সাধারণ সম্পাদক পদে তাঁর নাম রয়েছে। আর এই ঘোষণার পরেই দানা বাঁধতে শুরু করেছে বিতর্ক। অনেকেই প্রশ্ন করতে থাকে যে, সরকারি দায়িত্বে থাকা একজন ভিলেজ পুলিশ কি শাসক দলের গুরুত্বপূর্ণ কোনও সাংগঠনিক পদ পেতে পারেন?

স্থানীয় তৃণমূল নেতৃত্বরা দাবি করে, বিভিন্ন পেশার মানুষ দলীয় কাজকর্মে যুক্ত থাকে। তাঁদের কথায়, মধুসূদন কর্মকার নিজের সরকারি দায়িত্ব পালনের পর দলীয় কাজে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছিলেন। সিমলাপাল ব্লক সভাপতি সৌমেন পাত্র জানিয়েছেন, দলে কাজ করার ইচ্ছা থেকেই তাঁকে মূলত এই দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের মত, এতে অনিয়মের কোনও কারণ নেই।

আরও পড়ুন: হুগলি নদী থেকে সাত সমুদ্র! নবরত্ন মর্যাদা পেয়ে আরও শক্তিশালী গার্ডেনরিচ শিপবিল্ডার্স

পাল্টা কটাক্ষ বিজেপির

অন্যদিকে বিজেপি এই ঘটনাকে হাতিয়ার করে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বরা অভিযোগ করছে, এই রাজ্যে শাসক দল এবং পুলিশ প্রশাসনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক নতুন কিছু নয়। এই নিয়োগ সেই অভিযোগকে সামনে এনেছে বলে দাবি। এমনকি তালডাংরা অঞ্চলের এক বিজেপি নেতা বলেছেন, এই ঘটনা প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। যদিও ব্লক নেতৃত্ব প্রকাশ্যে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে সওয়াল করেছেন। তবে স্থানীয় বিধায়কের বক্তব্যে কিছুটা সতর্কতার সুর শোনা গেছে। তালডাংরা তৃণমূল বিধায়ক ফাল্গুনী সিংহ বাবু বলেছেন, কমিটিতে নাম থাকলে তা খতিয়ে দেখা হবে আর প্রয়োজন পড়লে সংশোধনের কথাও ভাবা হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now