সৌভিক মুখার্জী, শান্তিনিকেতন: রবিবাসরীয় সকালে পর্যটকনগরী শান্তিনিকেতনে (Shantiniketan) ঘটল চাঞ্চল্যকর ঘটনা। বোলপুরের প্রান্তিক এলাকার একটি হোটেল থেকে উদ্ধার হয়েছে ৫০টি তাজা বোমা। অভিযোগ উঠছে, হোটেলের ভিতরেই বোমা তৈরির কাজ চলছিল। আর এই ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পর্যটকদের নিরাপত্তা নিয়ে উঠতে শুরু করেছে বড়সড় প্রশ্ন।
গোপন সূত্রে খবর পেয়েই অভিযান
সূত্রের খবর, রবিবার ভোরবেলা গোপন সূত্রে খবর এসেছিল যে প্রান্তিক সংলগ্ন একটি হোটেলে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুদ রয়েছে। খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত একটি বিশেষ দল গঠন করে অভিযান চালায়। আর হোটেল থেকে বোমা মসলা সহ অন্তত ৫০টি তাজা বোমা উদ্ধার করা হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে বোম্ব স্কোয়াড এবং দমকল বাহিনী নিয়োগ করা হয়। আর উদ্ধার হওয়া বোমাগুলিকে সঙ্গে সঙ্গে নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়েছে।
এ বিষয়ে মহাকুমা পুলিশ আধিকারিক রিকি আগারওয়াল জানিয়েছেন, ভোরবেলা খবর পাওয়ার পরে পুলিশ বোম্ব স্কোয়ড এবং দমকল কর্মীদের নিয়ে যৌথ অভিযান চালানো হয় এবং একাধিক বোমা উদ্ধার হয়, যেগুলি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে। এই ঘটনায় আপাতত এখনও পর্যন্ত সাতজনকে আটক করা হয়েছে। আরও কয়েকজনের যোগসূত্র রয়েছে বলেও সন্দেহ করছে পুলিশ। তবে গোটা বিষয়টি তদন্তের আওতায়।
আরও পড়ুন: এক ঘণ্টারও কমে পৌঁছে যান দিল্লি, চালু হয়ে গেল ভারতের দ্রুততম মেট্রো
উল্লেখ করার বিষয়, যে হোটেল থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছে, সেটি বোলপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের মধ্যে অবস্থিত একটি জনবহুল এলাকা। আর সেখানে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এরকম জায়গায় কীভাবে এত বিপুল পরিমাণ বিস্ফোরক মজুদ রাখা হল। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। আর জেলা বিজেপির অভিযোগ, বোলপুর পুরসভার পুরপ্রধান সঙ্গীতা দাসের স্বামী তথা তৃণমূল নেতা বাবু দাসের তত্ত্বাবধানে ওই হোটেলটি রয়েছে। এমনকি তিনি রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহের ঘনিষ্ঠ বলেও দাবি বিজেপির।












