সৌভিক মুখার্জী, কলকাতা: ২০২৫ সালে রফতানি খাতে বিরাট সাফল্য। প্রথমবারের মতো স্মার্টফোন বিশেষ করে অ্যাপলের আইফোন (Apple iPhone Export) দেশের সবথেকে মূল্যবান রফতানি পণ্যে পরিণত হল। হ্যাঁ, বিগত বছরে ভারত থেকে প্রায় ২৩ বিলিয়ন মার্কিন ডলারের আইফোন বিদেশে পাঠানো হয়েছে বলে দাবি করছে বেশ কয়েকটি রিপোর্ট। আর এই আইফোনগুলোর সবথেকে বৃহৎ অংশ রফতানি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে।
স্মার্টফোন রফতানিতে রেকর্ড ভারতের
রিপোর্ট বলছে, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কালে মোট ৩০.১৩ বিলিয়ন মার্কিন ডলারের স্মার্টফোন রফতানি করতে পেরেছে ভারত। এর মধ্যে প্রায় ৭৬ শতাংশই অবদান অ্যাপলের। ফলে দীর্ঘদিন শীর্ষে থাকা অটোমোটিভ ডিজেল জ্বালানিকে পিছনে ফেলে এবার স্মার্টফোন প্রথমবার দেশের এক নম্বর রফতানি পণ্য হয়ে উঠল। শিল্প মহলের একাংশের মতে, এই উত্থানের পেছনে ভূমিকা রয়েছে কেন্দ্রের প্রোডাকশন লিংকড ইনসেন্টিভ প্রকল্পের। এমনকি চিনের সরবরাহ চেইনের উপর নির্ভরতা কমাতে বহুজাগতিক সংস্থাগুলির কৌশলগত পরিবর্তনও এই বৃদ্ধিকে ত্বরান্বিত করেছে বলেই মত বিশেষজ্ঞদের।
উল্লেখ করার বিষয়, বর্তমানে ভারতে অ্যাপলের পাঁচটি অ্যাসেম্বলি প্ল্যান্ট রয়েছে। এর মধ্যে তিনটি পরিচালনা করছে টাটা গ্রুপের সংস্থা আর দুটি পরিচালনা করছে ফক্সকন। তবে শুধুমাত্র এই কারখানাগুলি নয়, বরং ৪৫টি সংস্থার বিস্তৃত সরবরাহ চেইন এই রফতানিকে সমর্থন করে। পাশাপাশি এর মধ্যে বহু এমএসএমআই সংস্থা দেশীয় এবং আন্তর্জাতিক বাজারের জন্য যন্ত্রাংশও সরবরাহ করছে।
আরও পড়ুন: স্লট বদলেও হল না কাজ, এক বছরেই যাত্রা শেষ Zee Bangla-র জনপ্রিয় ধারাবাহিকের
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন উৎপাদক ভারত
রফতানির পাশাপাশি উৎপাদন ক্ষেত্রেও বিরাট সাফল্য পেয়েছে ভারত। হ্যাঁ, এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদক দেশ হিসেবে পরিণত হয়েছে ভারত। দেশের বাজারে বিক্রি হওয়া ৯৯ শতাংশের বেশি মোবাইল এখন দেশেই তৈরি হচ্ছে বলে রিপোর্ট। আর এর ফলে ভারত শুধুমাত্র অ্যাসেম্বলির দিক থেকে নয়, বরং ধীরে ধীরে উচ্চমূল্যের সংযোজন ও উৎপাদনেও এগোচ্ছে। এ বিষয়ে গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্ট রিসার্চের একটি রিপোর্ট বলছে, ভারতীয় ক্রেতাদের মধ্যে বাজেট সেগমেন্টের আধিপত্য কমে প্রিমিয়াম স্মার্টফোনের চাহিদাও বেড়েছে।












