বিক্রম ব্যানার্জী, কলকাতা: চূড়ান্ত নাটকের পর অবশেষে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে রাজি হয়েছে পাকিস্তান (India Vs Pakistan)। আগামীকাল অর্থাৎ রবিবারই একে অপরের মুখ দেখবে এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী। এই ম্যাচেই বিগত দিনগুলিতে ভারতের কাছে ক্রমাগত পরাজয়ের বদলা তোলার সুযোগ থাকবে পাকিস্তানের হাতে। অন্যদিকে ভারতীয় দল চাইবে আগের মতোই পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে নিজেদের এগিয়ে রাখতে। আর এই ম্যাচের আগে এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের বিশ্বকাপে হেড টু হেড পরিসংখ্যান।
T20 বিশ্বকাপে ভারত এবং পাকিস্তানের হেড টু হেড পরিসংখ্যান
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ পর্যন্ত মোট 8 ম্যাচে অংশ নিয়েছে ভারত এবং পাকিস্তান। সবচেয়ে মজার বিষয়, বিশ্বকাপে 8 বারের মধ্যে 7 বারই পাকিস্তানকে হারিয়ে নিজেদের ক্ষমতা দেখিয়েছে টিম ইন্ডিয়া। অন্যদিকে পাকিস্তান জিততে পেরেছে মাত্র একবার। বলাই বাহুল্য, 2021 সালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো হেরেছিল টিম ইন্ডিয়া। এর পর আর ভারতকে হারানোর ক্ষমতা হয়নি, পশ্চিমের দেশের।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দুর্দান্ত রেকর্ড
সামগ্রিকভাবে দেখতে গেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আজ পর্যন্ত 16 ম্যাচে মুখোমুখি হয়েছে এশিয়ার দুই চেনা প্রতিদ্বন্ধি ভারত এবং পাকিস্তান। সেখানেও এগিয়ে ভারত। 16 ম্যাচের মধ্যে 12 ম্যাচেই জয়জয়কার হয়েছে টিম ইন্ডিয়ার। অন্যদিকে পাকিস্তান জিততে পেরেছে মাত্র 3টি ম্যাচে। বাকি একটি ম্যাচ টাই হয়েছিল। সেক্ষেত্রে বলাই যায়, সবদিক থেকে এগিয়ে থেকেই পাকিস্তানের বিরুদ্ধে ফেভারিট হিসেবেই নামছে ভারত।
অবশ্যই পড়ুন: প্রকাশ্যে এল যুবসাথীর ফর্ম, ডাউনলোড করে কীভাবে পূরণ করবেন? জানুন এক ক্লিকেই
প্রসঙ্গত, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন টিম ইন্ডিয়ার বেশ কয়েকজন ব্যাটসম্যান। সেই তালিকায় প্রথমেই নাম রয়েছে ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়াদের। আগামীকালের ম্যাচেও এই তিন প্লেয়ারের উপর নজর থাকবে ভক্তদের। তাছাড়াও ফর্মে ফেরার অপেক্ষায় তিলক বর্মাও। তাঁর ব্যাটে ঝড় উঠলে কার্যত হাঁ হয়েই থাকতে হবে পাকিস্তানকে।











