“ভারত-পাক ম্যাচ হবেই, শীঘ্রই সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান”, বলে দিলেন তিনি

Published:

India Vs Pakistan T20 World Cup
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: T20 বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ (India Vs Pakistan T20 World Cup) না হলে একদিক থেকে যেমন মন ভাঙবে ক্রিকেট ভক্তদের, তেমনই ব্যাপক আর্থিক ক্ষতি বহন করতে হবে সম্প্রচারকারী সংস্থা এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে। তবে পরিস্থিতি যা, তাতে আগামী 15 ফেব্রুয়ারির ম্যাচ নিয়ে ক্রমশ ঘনাচ্ছে আশঙ্কার মেঘ। ঠিক সেই আবহে বড় কথা বলে দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মতে, আগামী 15 ফেব্রুয়ারি ভারত বনাম পাকিস্তান ম্যাচ হবেই হবে। আর কিছুদিনের মধ্যেই নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে পাকিস্তান।

ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী অশ্বিন

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে ভারত বনাম পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় দলের প্রাক্তন সদস্য মনে করেন, পাকিস্তানের জেদ বেশিদিন টিকবে না। খুব শীঘ্রই নিজের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেবে পশ্চিমের দেশ। ইউটিউব চ্যানেলে একেবারে স্পষ্ট ভাষায় অশ্বিন জানালেন, “আমি 100 শতাংশ নিশ্চিত যে, ম্যাচটা হবে। পাকিস্তান আর চার পাঁচ দিনের মধ্যেই নিজেদের অবস্থান বদলে ফেলবে।”

একটা সময় বিদেশি ব্যাটসম্যানদের কাছে ত্রাস হয়ে থাকা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুক্তি দিয়ে জানালেন, এই ম্যাচ না হলে সম্প্রচারকারী সংস্থাগুলির বিরাট ক্ষতি হবে। ক্ষতি গুনতে হবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকেও। পাকিস্তানও এর ফল ভোগ করবে। ফল ভোগ করতে হবে অন্যান্য দেশগুলিকেও। ফলে চাপ বাড়বে সকলের উপরেই। তাই খুব শীঘ্রই পাকিস্তান নিজেদের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেবে বলেই মনে করছেন অশ্বিন। ভারতীয় দলে এক সময়ে নিয়মিত ক্রিকেটার এও মনে করেন, পাকিস্তান ভারতের ম্যাচ বয়কট করলে এর প্রভাব পড়বে PSL এও। এই টুর্নামেন্টে আন্তর্জাতিক ক্রিকেটারদের NOC পাওয়ার ক্ষেত্রে সমস্যা অনেকটাই বেড়ে যাবে।

 

অবশ্যই পড়ুন: DA, লক্ষ্মীর ভাণ্ডার সহ ভাতা, আজ বাজেটে যেই চমক দেখাতে পারে পশ্চিমবঙ্গ সরকার

উল্লেখ্য, শেষবারের মতো পাকিস্তান সরকারের সিদ্ধান্তকে এগিয়ে রেখেই PCB জানিয়ে দিয়েছে, 15 ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে দল নামাচ্ছে না তারা। যদিও এ সংক্রান্ত কোনও চিঠি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে দেয়নি মহসিন নকভির বোর্ড। এদিকে শ্রীলঙ্কায় গিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন বাবর আজমরা। বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচ নেদারল্যান্ডস দলের বিরুদ্ধে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now