বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত ভারতীয় দলকে হারাতে পারেনি কেউই। শেষবারের মতো গতকাল পাকিস্তানকে দুমড়ে মুচড়ে দিয়ে চলতি বিশ্বকাপের সুপার এইটে জায়গা পাকা করেছে টিম ইন্ডিয়া (India Vs Pakistan)। ওদিকে 18 ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। তবে অনেকেরই প্রশ্ন, টি-টোয়েন্টি বিশ্বকাপে আর কি দেখা যাবে না ভারত বনাম পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ? বেশ কয়েকটি রিপোর্ট দাবি করছে, এবারের বিশ্বকাপে ফের মুখোমুখি হওয়ার সুযোগ রয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বীর।
সুপার এইটে মুখোমুখি হবে না ভারত-পাকিস্তান
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নির্ধারিত সূচি অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি গ্রুপ থেকে প্রথম দুই দল সুপার এইট খেলবে। সেক্ষেত্রে চার গ্রুপ মিলিয়ে মোট 8টি দল দুটি গ্রুপে জায়গা পাবে। সেক্ষেত্রে এক্স এবং ওয়াই গ্রুপের মধ্যে প্রথমটিতে চারটি দল এবং পরেরটিতে চারটি দল এমন ভাবে সাজানো হবে সুপার এইট পর্ব। শোনা যাচ্ছে, ভারতীয় দল যদি এক্স গ্রুপে জায়গা পায় সেক্ষেত্রে পাকিস্তান জায়গা পাবে ওয়াই গ্রুপে। ফলে এবারের বিশ্বকাপের সুপার এইটে মুখোমুখি হওয়ার কোনও সুযোগ নেই ভারত এবং পাকিস্তানের।
কীভাবে ফের মুখোমুখি হবে ভারত-পাকিস্তান?
বর্তমানে ভারতীয় দল যে ফর্মে রয়েছে তাতে আসন্ন প্রতিটি ম্যাচ জিতবেন সূর্যকুমার যাদবরা, আপাতত এমনটাই আশা ভক্তদের। আর সেটা হলে সুপার এইটের গ্রুপ পর্বের শীর্ষে থাকবে ভারত। হিসেব বলছে, ভারত যদি শেষ আটের লড়াইয়ে গ্রুপ পর্বের শীর্ষে থাকে তবে তাদের মুখোমুখি হতে হবে ওয়াই গ্রুপের দ্বিতীয় স্থানাধিকারী দলটির। ফলে পাকিস্তানকে যে করেই হোক নিজ গ্রুপের চার দলের মধ্যে দ্বিতীয় স্থানে থাকতে হবে। সেটা হলেই সেমিফাইনালে ফের ভারতের মুখোমুখি হবে পশ্চিমের দেশ।
অবশ্যই পড়ুন: এবার শাস্তি পাবেন নকভি! হারাবেন PCB র পদ?
প্রসঙ্গত, কয়েকজন ক্রিকেট বিশেষজ্ঞের দাবি, এখন থেকে পাকিস্তান যদি নিজেদের পরিবর্তন করে একের পর এক ম্যাচ জিততে পারে সেক্ষেত্রে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার সুযোগ থাকবে তাদের। এক কথায়, গ্রুপ পর্বের পর ভারতের সাথে পাকিস্তানের দেখা হওয়ার সুযোগ রয়েছে চলতি বিশ্বকাপের মহামঞ্চে। আর এটা হলে ফাইনাল ম্যাচ প্রতি ঝোঁক অনেকটাই বাড়বে দর্শকদের।











