রাহুলের মৃত্যুর মাঝেই টলিউডে ফের শোকের ছায়া, প্রয়াত তরুণ অভিনেতা প্রণব

Published:

Actor Pranab Chatterjee Expired

প্রীতি পোদ্দার, কলকাতা: টলিউডে ফের শোকের ছায়া! অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর (Rahul Arunoday Banerjee Death) মাঝেই ফের এল আরও এক দুঃসংবাদ, ৩৩ বছর বয়সেই অকালে চলে গেলেন তরুণ অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়(Actor Pranab Chatterjee Expired)। শোকস্তব্ধ গোটা টলিপাড়া।

মারা গেলেন তরুণ অভিনেতা প্রণব

জানা গিয়েছে, গতকাল অর্থাৎ সোমবার আচমকাই হৃদরোগে আক্রান্ত হন ছোট পর্দার পরিচিত ‘জুনিয়র আর্টিস্ট’ প্রণব চট্টোপাধ্যায়। দ্রুত চিকিৎসার জন্য তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টাকে ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ৩৩ বছরের এই হাসিখুশি এবং প্রাণবন্ত অভিনেতা। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো বাকরুদ্ধ তাঁর সহকর্মী থেকে শুরু করে গোটা স্টুডিও পাড়া। আসলে গতকাল জনপ্রিয় অভিনেতা রাহুলের শেষকৃত্য সম্পন্ন হয়েছে আর তার মাঝেই প্রণবের এই মৃত্যুসংবাদ গোটা ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিয়েছে।

অল্প সময়ে ছোট পর্দায় জনপ্রিয় ছিলেন প্রণব

অভিনেতা প্রণব চট্টোপাধ্যায় পেশায় মূলত ‘জুনিয়র আর্টিস্ট’ হলেও, অভিনয়ের প্রতি তাঁর পবিত্র ভালোবাসা সকলেরই জানা ছিল। সেটে তাঁর উপস্থিতি এবং সহকর্মীদের সঙ্গে সহজ মেলামেশা—সব মিলিয়ে তিনি ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে আলাদা করে জায়গা করে নিচ্ছিলেন। এমনকি বসন্ত বিলাস মেসবাড়ি কিংবা সোনারের ভগবান দাস-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে তাঁর ছোট ছোট অভিনয়ও বেশ নজর কেড়েছিল দর্শকদের। এছাড়াও জি বাংলা ও স্টার জলসার একাধিক মেগায় জুনিয়র শিল্পী হিসাবে কাজ করেছেন। ফলস্বরূপ তাঁর এই আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই।

আরও পড়ুন: বিজেপিতে লিয়েন্ডার পেজ, গেরুয়া শিবিরে যোগ দিয়েই বড় বার্তা টেনিস সম্রাটের

জুনিয়র অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়ের অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন ‘হরগৌরী পাইস হোটেল’-এর পরিচালক পাভেল ঘোষ। প্রণবের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে তিনি সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন বার্তা দেন। তিনি লিখেছেন, ‘তোমাকে আর বকার সুযোগ হবে না…।’ অন্যদিকে অভিনেত্রী তথা জনপ্রিয় ভ্লগার অলকানন্দা গুহ-ও সহকর্মীর মৃত্যুতে ভেঙে পড়েছেন। তিনি ফেসবুকে লেখেন, “ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছি না বোন আমি আর পারছি না, কাজের খুব দরকার … এটাই বলেছিলে তো? আমি নিজের কাজ এ তোমায় ডাকি কারন অভিনয় তুমি খুব ভালোই করতে দাদা।”

google button