“অহেতুক ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই..” ভক্তদের বড় বার্তা অরিজিতের

Published:

Arijit Singh
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: গত জানুয়ারি মাসে দেশবাসীকে চমকে দিয়ে নিজের সমাজমাধ্যমের পাতায় হঠাৎই বলিউডের এক নম্বর প্লেব্যাক গায়ক অরিজিৎ সিং (Arijit Singh) ঘোষণা করে দেন যে তিনি আর নতুন করে কোনও প্রজেক্টে প্লেব্যাক গান গাইবেন না। আর তাতেই চরম হতাশায় পড়ে যায় তাঁর ভক্তকুল। এদিকে এই আবেগপ্রবণ মুহূর্তকে নিয়েও ট্রোলাররা কটাক্ষ করতে ছাড়লেন না। গোটা নেটপাড়ায় বয়ে যায় ট্রোলের বন্যা। ব্যক্তিগতভাবেও অনেকে অরিজিৎ সিংকে করছে আক্রমণ। এই অবস্থায় সপাটে ট্রোলের জবাব দিলেন অরিজিৎ সিং। ভক্তদের দিলেন বিরাট আশ্বাস।

ভক্তদের জন্য বিশেষ বার্তা অরিজিৎ-এর

রিপোর্ট মোতাবেক গতকাল অর্থাৎ মঙ্গলবার, নিজের এক্স হ্যান্ডেলে অরিজিৎ সিং তাঁর ট্রোলারদের জবাব দিতে একটি লম্বা পোস্ট করেন। তিনি লেখেন, “আমার প্রত্যেক শ্রোতার উদ্দেশ্যে এই পোস্ট। যদি আপনি আমার শ্রোতা না হন তাহলে আমার এই পোস্ট দেখার আপনার প্রয়োজন নেই। আমার শ্রোতা-অনুরাগীদের আমি শুধু এটুকুই বলতে চাই আমি তোমাদের অসম্ভব ভালোবাসি। এই নিষ্ঠুর পৃথিবীতে তোমাদের এত ভালোবাসা পেয়ে আমি আপ্লুত। তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি এটুকুই বলতে চাই, আমি প্লেব্যাককে বিদায় জানিয়েছি। একইসঙ্গে আমি এটাও জানিয়েছি যে, আমি আমার বাকি থাকা কাজগুলি সম্পূর্ণ করব। যেগুলির প্রতি আমি প্রতিজ্ঞাবদ্ধ।”

আবেগ প্রকাশ অনুগামীদের

পোস্টে গায়ক অরিজিৎ সিং জানান যে, ” আমি নতুন প্রোজেক্ট নেওয়া বন্ধ করেছি আগেই। কিন্তু সেই গানের তালিকাও যে খুব ছোট নয় তা তোমরা জানো। তাই যারা আমাকে নানা কটাক্ষবাণে বিদ্ধ করছে তাঁদের বলতে দাও। তাঁদের কোনও ব্যাখ্যা তোমরা দিতে যেও না। অহেতুক ব্যাখ্যার কোনও প্রয়োজন নেই। আমার হাতে এখনও যে পরিমাণ প্লেব্যাকের প্রোজেক্ট রয়েছে তা শেষ করতে এই বছরের শেষ বা আগামী বছরও হয়ে যেতে পারে। শান্ত থাক। আর এই চর্চার মধ্যে নিজেকে যুক্ত করে ভুল পথে যেও না।” এই পোস্ট ভাইরাল হতেই লাইক কমেন্টের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কেউ লিখেছেন, ‘দয়া করে গান ছেড়ে দিয়ে আমাদের জেনারেশনটাকে ভাঙবেন না।’ অন্যদিকে আবার কেউ বলছে, ‘আপনার গান ছাড়া দিন শুরু হয় না, কাজে একটু বিরতি নিন, কিন্তু পুরোপুরি ছেড়ে যাবেন না।’

আরও পড়ুন: ক্লাস এইটের NCERT-র বইতে উল্লেখ ‘বিচারবিভাগে দুর্নীতি!’ চরম ভর্ৎসনা প্রধান বিচারপতির

প্রসঙ্গত, ২০০৫ সালে ‘ফেম গুরুকুল’-এর প্রতিযোগী হিসেবেই প্রথমবড় টিভির পর্দায় নজর কেড়েছিলেন অরিজিৎ সিং। যদিও তিনি সেই প্রতিযোগিতায় জিততে পারেননি। কিন্তু এরপর বলিউড তাঁকে ফেরায়নি। একের পর এক সিনেমায় গান গেয়েই চলেছেন তিনি। মেল প্লেব্যাক মানেই উঠে আসত একটাই নাম, আর তিনি হলেন অরিজিৎ। কিন্তু আচমকাই প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেন তিনি। অনেকের ধারণা এবার নাকি তিনি স্বতন্ত্র মিউজিক সাধনায় মন দেবেন। কিছুদিন আগেই আমির খানকে দেখা গিয়েছিল অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে। জানা গিয়েছে তাঁর প্রযোজনা সংস্থার পরবর্তী সিনেমাতে গান গাইবেন অরিজিৎ।