প্রীতি পোদ্দার, কলকাতা: গত কয়েক মাস ধরেই টলিউডের গায়িকা তথা ভ্লগার দেবলীনা নন্দীর (Debolina Nandy) ব্যক্তিগত জীবনের অশান্তির কেচ্ছা নিয়ে একাধিক গুঞ্জন শোনা যাচ্ছিল। আর এই অশান্তির জেরে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন তিনি। যদিও এখন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন দেবলীনা। নানা জায়গায় এখন তিনি তাঁর গানের শো চালিয়ে যাচ্ছেন। কিন্তু এখনও পর্যন্ত স্বামী প্রবাহকে নিয়ে কোনো কথাই বলেননি। এরই মাঝে শোনা যাচ্ছে দেবলীনা নাকি থানায় বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন স্বামী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে।
বধূ নির্যাতনের অভিযোগ দায়ের দেবলীনার
রিপোর্ট মোতাবেক, দক্ষিণ ২৪ পরগণার সোনারপুর থানাতে গত ২২ জানুয়ারি দেবলীনা নন্দী তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে ৪৯৮এ ধারায় বধূ নির্যাতনের লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানিয়েছেন, বিয়ের পর থেকেই নাকি তাঁর উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছে প্রবাহ এবং তাঁর বাড়ির লোক। পারিবারিক অশান্তি ক্রমশ বাড়তে থাকে এবং পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠে। আর সেই কারণেই বাধ্য হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ধারায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। যদিও প্রবাহ ও তাঁর পরিবারের সদস্যরা নাকি থানায় গিয়ে তদন্তে সহযোগিতা করেছেন বলেও খবর। তবে এই ঘটনায় কেউ গ্রেফতার হননি।

প্রবাহের কাছে খোরপোশের দাবি
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ‘স্ত্রীধন’ হিসাবে বিয়ের সময়ে পাওয়া সমস্ত গয়না, টাকাপয়সা, আসবাব পুলিশি সহযোগিতায় প্রবাহের বাড়ি থেকে ফেরত পেয়েছেন দেবলীনা নন্দী। আপাতত উভয়েই আলাদা থাকছেন। প্রবাহের কাছে খোরপোশ চেয়ে আবেদনও করেছেন। তবে পরিস্থিতি যে পথে এগোচ্ছে, তাতে আপাতত এটাই স্পষ্ট যে পৃথক পথেই হাঁটতে চলেছেন দেবলীনা ও প্রবাহ। যদিও এর পরেও অনেকেই অনুমান করছেন সময়ের সঙ্গে সঙ্গে হয়তো আবার সব ঠিক হয়ে যাবে।
আরও পড়ুন: দাহ্য রাসায়নিকেই মৃত্যু ফাঁদ! ভয়ংকর বিস্ফোরণ রাজস্থানের কারখানায়, মৃত ৮
প্রসঙ্গত, কিছুদিন আগেই দেবলীনা নন্দী নতুন একটি ফ্ল্যাটে উঠেছেন। পুজোও দিয়েছেন সেখানে। আপাতত নিশ্চিন্তে এবং হাসিখুশি মেজাজেই রয়েছেন তিনি। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তাঁকে অ্যাক্টিভ থাকতে দেখা যায়। আগের মত এখনও হাসিখুশি মেজাজেই ভিডিও পোস্ট করতে দেখা যায়। ঘনিষ্ঠদের মতে, আলাদা থাকার সিদ্ধান্ত নেওয়ার পরই তাঁর জীবনে এই নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। তাঁর এই বদলের বেশ খুশি অনুরাগীরা।











