অভিনেতা রাহুলের রহস্যমৃত্যু, তালসারি থানায় দ্বিতীয় FIR দায়ের প্রসেনজিৎ-প্রিয়াঙ্কাদের

Published:

(Rahul Banerjee)

সৌভিক মুখার্জী, কলকাতা: গত রবিবার টলিউড জগতের সবথেকে কালিমালিপ্ত  দিন ছিল। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Banerjee) রহস্যমৃত্যুকে ঘিরে এখন তোলপাড় নেটপাড়া। তালসারিতে শুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে তাঁর অকাল প্রয়াণের এক সপ্তাহ কেটে গিয়েছে ইতিমধ্যেই। তবে এবার আইনি লড়াইয়ের পথে নামল টলিপাড়া। শনিবার গভীর রাতে ওড়িশার তালসারি থানায় পৌঁছে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার এবং আর্টিস্ট ফোরামের সদস্যরা। এমনকি সেখানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ টলি জগতের একাধিক চেনা মুখ।

গভীর রাতে তালসারি থানায় টলিউড তারকাদের এফআইআর দায়ের

শনিবার রাত ১১টা নাগাদ তালসারি থানায় নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থেকেছে সাধারণ মানুষ। রাহুলের মৃত্যুর সঠিক কারণ জানার জন্য এবং দোষীদের শাস্তির দাবিতে সেখানে হাজির হয়েছিলেন টলিউডের মহা তারকারা। এমনকি প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত সহ আরও অনেক নামজাদা অভিনেতা, অভিনেত্রীরা। ওড়িশা পুলিশের কাছে দীর্ঘক্ষণ ধরেই অভিযোগ জানানোর প্রক্রিয়া চলে।

এদিকে শনিবার দিনভর ছিল টানটান উত্তেজনা। কারণ, দুপুরের দিকে কলকাতার রিজেন্ট পার্ক থানায় গিয়ে সংশ্লিষ্ট ধারাবাহিকের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে প্রথম এফআইআর দায়ের করেন প্রিয়াঙ্কা সরকার এবং আর্টিস্ট ফোরামের সদস্যরা। আর সেখানে ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে চিরঞ্জিত চক্রবর্তী, চন্দন সেন, সৌরভ দাসের মতো অভিনেতা অভিনেত্রীরা উপস্থিত ছিলেন। তারপর সড়কপথে তাঁরা তালসারির উদ্দেশ্যে রওনা দেন।

আরও পড়ুন: বাদ পড়তে পারে বড় মুখ, পাঞ্জাবের কাছে মান বাঁচাতে কোন একাদশ নিয়ে নামবে KKR?

আর্টিস্ট ফোরাম সূত্রে খবর, রাহুলের মৃত্যুর ঠিক কারণ কী ছিল এবং সেই সময় শুটিং-এ পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ছিল কিনা তা খুঁজে দেখার জন্যই ১ এপ্রিল প্রযোজনা সংস্থাকে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু সেই চিঠির কোনও রকম উত্তর মেলেনি। এরপরে জরুরী বৈঠকে বসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায় এবং লাবনী সরকারের মতো অভিনেতা, অভিনেত্রীরা। সহকর্মীর মৃত্যুতে কোনও রকম আপস না করার সিদ্ধান্ত নিয়েই তাঁরা আইনি ব্যবস্থা নিয়েছেন। এমনকি রাহুলের মৃত্যুর পর থেকে একাধিক প্রশ্ন থেকে যাচ্ছে, শুটিংয়ের সময় আদৌ সেখানে নিরাপত্তা ব্যবস্থা ছিল কিনা, দুর্ঘটনার ঠিক কতক্ষণ পর উদ্ধারকার্য শুরু হয়েছিল, উত্তাল সমুদ্রে নামার জন্য অভিনেতার উপর কোনও রকম চাপ দেওয়া হয়েছিল কিনা। সেই কারণেই এবার এফআইআর দায়ের করা হয়েছে। সবটা তদন্তের উপর নির্ভর করছে।

google button