বিক্রম ব্যানার্জী, কলকাতা: কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড় খবর। জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার এবার অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) নতুন পরিচালক নিয়োগ করেছে। তাতে অনুমোদন দিয়েছে খোদ কেন্দ্রীয় মন্ত্রীপরিষদের নিয়োগ কমিটি। অনেকেই আশা করছেন, এবার হয়তো কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন অনেকটাই বাড়বে। একই সাথে পেনশনভোগীদের পেনশন নিয়েও মিলতে পারে সুখবর। এদিকে সরকার একটি নতুন পোর্টাল চালু করে বেতন এবং পেনশন কতটা বাড়ানো উচিত সে বিষয়ে পরামর্শ চেয়েছে।
কাকে অষ্টম বেতন কমিশনের পরিচালক হিসেবে নিয়োগ করা হলো?
NDTV র রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে এবং মন্ত্রিপরিষদের নিয়োগ কমিটির অনুমোদনের পরই ভারতীয় রেলওয়ের অ্যাকাউন্ট সার্ভিসের কর্মকর্তা কৃষ্ণ ভিআরকে ডেপুটেশন সম্পর্কিত অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে। দু তরফেই এই নিয়োগের ক্ষেত্রে মিলেছে সবুজ সংকেত। জানা যাচ্ছে, অর্থ মন্ত্রণালয়ের ব্যয় বিভাগের অধীনে সেন্ট্রাল স্টাফিং স্কিমের মাধ্যমে এই পদের শূন্যস্থান পূরণ করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, আগামী 2029 সালের 17 সেপ্টেম্বর পর্যন্ত কৃষ্ণ ভিআর অষ্টম বেতন কমিশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
এবার বেতন বৃদ্ধি নিয়ে পরামর্শ চাইল সরকার
কেন্দ্রীয় সরকারের তরফে নতুন অষ্টম বেতন কমিশনের পরিচালক নিয়োগের পাশাপাশি অষ্টম পে কমিশনের একটি নতুন ওয়েবসাইট চালু করে কেন্দ্রীয় সরকারি কর্মী, পেনশনভোগী এবং অন্যান্য মন্ত্রণালয়গুলির কাছ থেকে বেতন, ভাতা সহ অন্যান্য বিষয়ে পরামর্শ চেয়েছে। জানতে চাওয়া হয়েছে, কর্মচারীদের বেতন এবং পেনশনভোগীদের পেনশন কতটা বাড়ানো উচিত সে বিষয়ে। সেই সাথে কমিশন স্পষ্ট জানিয়েছে, যাঁরা পরামর্শ দেবেন তাঁদের নাম এবং পরিচয় গোপন রাখা হবে। আগামী 16 মার্চের মধ্যে নিজের মতামত জমা করতে হবে আগ্রহীদের। এক্ষেত্রে মাই গভ অষ্টম বেতন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই এই পরামর্শ জানাতে হবে।
অবশ্যই পড়ুন: রবিবার ভারতের হারের কারণ হবেন পাক স্পিনার তারিক? বড় কথা বললেন সৌরভ গাঙ্গুলি
তৃতীয় বড় আপডেট
সম্প্রতি অষ্টম বেতন কমিশন নিয়ে সংসদে বড় আপডেট দিয়েছে সরকার। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সংসদে কমিশনের সংবিধান থেকে পর্যালোচনা পর্যন্ত গোটা বিষয়টি স্পষ্ট করেছেন। সেই সাথে তিনি জানিয়েছেন, 2025 সালের 3 নভেম্বর কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। পরবর্তীতে প্রতিবেদন প্রস্তুত করার জন্য কমিশন দেড় বছর সময় পেয়েছে। সে ক্ষেত্রে সব ঠিক থাকলে 2027 সালের মধ্যে কমিশনের সুপারিশগুলি আসার কথা। সেই সাথে পঙ্কজ বাবু এও বলেন, কমিশন কেন্দ্রীয় কর্মী এবং পেনশনভোগীদের বেতন স্কেল, ভাতা, পেনশন চার্জ এবং পরিষেবা শর্তগুলি খুব শীঘ্রই পর্যালোচনা করবে।











