অভিযুক্তকে ধরতে ১ টাকার পুরষ্কার ঘোষণা, আজব কাণ্ড পুলিশের

Published:

Madhya Pradesh

সৌভিক মুখার্জী, নারসিংহপুর: অভিযুক্তকে ধরতে সাধারণত মোটা অংকের পুরস্কার ঘোষণা করা হয়ে থাকে। তবে এবার ঠিক উল্টো ছবি দেখা গেল মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। হ্যাঁ, মাত্র ১ টাকা পুরস্কার ঘোষণা করা হল পলাতক এক আসামিকে ধরার জন্য। এমনই উদ্যোগ নিয়েছে নারসিংহপুর জেলা পুলিশ। আর এই অভিনব সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই সমাজ মাধ্যমে শুরু হয়েছে জোর জল্পনা।

কোন মামলায় এরকম পুরস্কার ঘোষিত হল?

ঘটনাটি নারসিংহপুর জেলার কারেলি থানায় দায়ের হওয়া একটি আবগারি আইনের মামলাকে কেন্দ্র করে। জানা যায়, এই মামলার ক্রাইম নম্বর ২৭/২০২৬ এবং ধারা এক্সাইজ অ্যাক্টের ৩৪(২)। এই মামলার তদন্তে নেমে সেখানে পুলিশ বড়সড় অবৈধ মদের চক্রের হদিশ পেয়েছিল। আসলে গত ৯ জানুয়ারি পুলিশ একটি থার গাড়িকে আটকায়। আর তল্লাশি চালিয়ে সেখানে মোট ৪৪ বাক্স অবৈধ মদ উদ্ধার করা হয়, যেখানে প্রায় ২২০০ বোতল ছিল। ঘটনাস্থল থেকেই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আর তারা হলেন সুরেন্দ্র লোধি এবং সালিম খান। তবে চক্রের মূল অভিযুক্ত ধনরাজ লোধি পলাতক।

কেন ১ টাকা পুরস্কার?

আসলে নারসিংহপুর পুলিশ সুপার ঋষিকেশ মীনা ধনরাজ লোধিকে গ্রেফতারি সংক্রান্ত তথ্য দেওয়ার পর ১ টাকা পুরস্কার ঘোষণা করেছেন। পুলিশের দাবি, এই পুরস্কার আর্থিক লোভ দেখানোর জন্য নয়, বরং এর উদ্দেশ্য হল সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করা আর অভিযুক্তের বিরুদ্ধে সামাজিক চাপ তৈরি করা। পুলিশ জানিয়েছে যে, কেউ তথ্য দিলে তাঁর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। এমনকি জনসাধারণের সহযোগিতা পলাতককে ধরার ক্ষেত্রেও বড় ভূমিকা নিতে পারে।

আরও পড়ুন: কবে বেরোবে মাধ্যমিকের রেজাল্ট? মুখ খুললেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি

পুলিশের মতে, সব সময় যে বড় অংকের পুরস্কার কার্যকর হয় এমনটা নয়। বরং, অনেক সময় এই ধরনের পুরষ্কার ঘোষণার মাধ্যমে অভিযুক্ত মানসিক চাপে পড়ে। এমনকি সমাজে তার ভাবমূর্তি নষ্ট হয়। পাশাপাশি আত্মগোপন করা কঠিন হয়ে পড়ে। তাই গ্রেফতার করতেও সুবিধা হয়।

google button