বিক্রম ব্যানার্জী, কলকাতা: তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ ন্যাশনাল পার্টি ওপার বাংলার সিংহাসনে বসতেই গলছে ভারত-বাংলাদেশ সম্পর্কের বরফ। ইতিমধ্যেই প্রাথমিক পদক্ষেপ হিসেবে ভারতীয়দের ভিসা দেওয়ার কাজ শুরু করেছে বাংলাদেশ। BNP র নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার তিন দিনের মাথায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী, গত শুক্রবার থেকেই ভারতীয়দের ভিসা দেওয়ার কাজ শুরু হয়। এবার শোনা যাচ্ছে, আগরতলা-কলকাতা ভায়া ঢাকা মৈত্রী বাস (Agartala-Kolkata Via Dhaka Bus) পরিষেবা পুনরায় চালু করছে বাংলাদেশ।
কবে থেকে ফের শুরু হচ্ছে মৈত্রী বাস পরিষেবা?
2024 সালের 5 আগস্ট বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তে দীর্ঘ অনিশ্চয়তার মধ্য দিয়ে সাময়িকভাবে স্থগিত করে দেওয়া হয়েছিল আগরতলা-কলকাতা ভায়া ঢাকা বাস পরিষেবা। ফলে, বাংলাদেশের উপর থেকে যাতায়াত করতে পারছিল না এই বাস। তবে তারেক রহমানের BNP বাংলাদেশের শাসন ব্যবস্থা কাঁধে নিতেই ফের চালু হচ্ছে ঐতিহ্যবাহী সেই বাস পরিষেবা।
রিপোর্ট অনুযায়ী, সব ঠিক থাকলে আগামী 24 ফেব্রুয়ারি থেকে মৈত্রী বাস সার্ভিস চালু হয়ে যাচ্ছে। এর ফলে, সড়কপথে আগরতলার মানুষজন ঢাকা হয়ে খুব সহজেই কলকাতায় পৌঁছতে পারবেন। বিশেষ করে ত্রিপুরার সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ককে অটুট রেখেছিল এই বিশেষ বাস পরিষেবা। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফের সেই পরিষেবা চালু হওয়ার খবরে উচ্ছ্বসিত অনেকেই।
এ প্রসঙ্গে ত্রিপুরা সড়ক পরিবহন কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান সমর রায় জানান, “দীর্ঘদিন পর আগরতলা থেকে কলকাতা ভায়া ঢাকা বাস পরিষেবা শুরু হচ্ছে। আজ একটি সফল ট্রায়াল রান পরিচালিত হয়েছে। আমরা প্রত্যেকেই প্রয়োজনীয় সমস্ত প্রস্তুতি পর্যালোচনা করেছি। আগামী 24 ফেব্রুয়ারি থেকেই এই বিশেষ পরিষেবা ফের শুরু হয়ে যাবে।”
অবশ্যই পড়ুন: স্পিড ১৮০ কিমি, ২০২৬-এ ভারতের সবচেয়ে দ্রুতগতির ৫ এক্সপ্রেস ট্রেন, তালিকায় নেই দুরন্ত
কবে কবে চলে এই বাস?
প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রতি সপ্তাহে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং রবিবার আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় বাসটি। আবার একই পথে সোমবার, বুধবার এবং শনিবার কলকাতা থেকে রওনা হয়ে বাংলাদেশের বুক চিরে আগরতলায় পৌঁছে যায় এই বাস। বলে রাখি, ঢাকা হয়ে এই বাস বনগাঁ পেট্রাপোল সীমান্ত দিয়ে জাতীয় সড়ক হয়ে সোজা কলকাতায় পৌঁছয়। আগরতলা থেকে এই বিশেষ বাস পরিষেবার দৌলতে বহু মানুষ খুব সহজেই কলকাতা থেকে আগরতলা আবার আগরতলা থেকে কলকাতায় আসতে পারেন। সবচেয়ে বড় কথা এই এক বাসে করেই আন্তর্জাতিক সীমান্ত পার করে পৌঁছে যাওয়া যায় ওপার বাংলায়…












