সাধারণ কামরাতেই ‘প্রিমিয়াম’ ট্রেনের অনুভূতি? বড় চমক আনছে অমৃত ভারত এক্সপ্রেস

Published:

Amrit Bharat Express

প্রীতি পোদ্দার, কলকাতা: দূরে ভ্রমণের জন্য সকলেরই প্রথম পছন্দ থাকে ট্রেন। সেই কারণে ভারতের অন্যতম যোগাযোগ ব্যবস্থা হয়ে উঠেছে রেল পরিষেবা। বন্দে ভারত, নমো ভারত এবং অমৃত ভারত (Amrit Bharat Express)— এই তিন এক্সপ্রেস ট্রেনই আগামী দিনে গোটা দেশে রেলের প্রতিনিধিত্ব করতে চলেছে। আর এই অবস্থায় অমৃত ভারত ট্রেনের অন্দর বদলাতে চলেছে ভারতীয় রেল (Indian Railways), যাত্রীদের আকর্ষণ বাড়াতে এবার সাধারণ কামরাতেও প্রিমিয়াম স্বাচ্ছন্দ্য নিয়ে আসতে চলেছে রেল মন্ত্রক।

অমৃত ভারত নিয়ে রেলের নতুন মাইলফলক

বিগত কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে যে বন্দে ভারত এক্সপ্রেসের পর এবার সাধারণ মানুষের ‘অমৃত ভারত’-এর ভোলবদল করতে চলেছে রেলমন্ত্রক। আর সেটাই এবার বাস্তবের রূপ নিতে চলেছে। রিপোর্ট মোতাবেক, ২০২৬ সালের জন্য নির্ধারিত ‘নেক্সট-জেনারেশন’ অমৃত ভারত কোচের স্যাম্পল বা নমুনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। আর এই আবহে গত শনিবার নয়াদিল্লি স্টেশনে তার নমুনা খতিয়ে দেখলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ট্রেনের ভেতরে ঢুকলেই মনে হবে কোনো দামী প্রিমিয়াম ট্রেনের কামরায় পা রেখেছেন। প্রতিটি কোণ এমনভাবে সাজানো হয়েছে যাতে যাত্রীদের চোখের আরাম হয়।

আকর্ষণীয় ভোলবদল অমৃত ভারতের

অমৃত ভারত ট্রেনের পিভিসি ফ্লোরিং, সিট, বার্থ এবং জানলার পর্দার রঙে একটি চমৎকার সামঞ্জস্য বজায় রাখা হয়েছে। মেঝের রঙের সাথে মিলিয়ে সিটের কভার এবং পর্দার ডিজাইন করা হয়েছে। ট্রেনের সিলিং থেকে শুরু করে দেওয়াল পর্যন্ত সব জায়গায় রঙের ব্যবহার অত্যন্ত রুচিশীল। যা চারিদিকে একটি এলিগ্যান্ট এবং অত্যন্ত ইউনিফর্ম লুক দিয়েছে। উন্নত মানের ফ্যান, ফোনের চার্জিং পয়েন্ট এবং পিঠের আরামের জন্য বিশেষ ‘লম্বার সাপোর্ট’ দেওয়া চেয়ার রাখা রয়েছে এই ট্রেনে। আসলে এই প্রকল্পের মূল লক্ষ্য হল সাশ্রয়ী মূল্যে আমজনতাকে বিশ্বমানের এবং অত্যন্ত আরামদায়ক রেল সফরের অভিজ্ঞতা উপহার দেওয়া।

উন্নত পরিষেবা শৌচাগারে

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে প্রতিটি সিটের সাথে একটি আধুনিক ও মজবুত স্ন্যাক টেবিল যুক্ত করা হয়েছে। শুধু তাই নয়, ট্রেনের শৌচালয়গুলিতে আমূল পরিবর্তন আনা হয়েছে। অনেকেই ট্রেনের শৌচালয় নিয়ে নানারকম অভিযোগ করে থাকেন। তবে এক্ষেত্রে সেটি হবে না। কারণ এখানে হাই-টেক ফিটিংস এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দেওয়া হতে চলেছে। উন্নত ফ্লাশ সিস্টেম এবং ভেন্টিলেশন ব্যবহার করা হয়েছে শৌচাগারে। এছাড়াও নতুন অমৃত ভারত কোচগুলোতে ব্যবহৃত প্রতিটি সামগ্রী HL3 ফায়ার সেফটি স্ট্যান্ডার্ড মেনে তৈরি করা হয়েছে। অর্থাৎ কামরা তৈরি করতে ব্যবহার করা হয়েছে এমন সব উপাদান যা সহজে আগুন ধরে যাওয়া আটকাবে।

আরও পড়ুন: অবশেষে রেল মানচিত্রে জুড়ছে ঘাটাল? দেবের এলাকায় ছুটবে ট্রেন!

অমৃত ভারতের এই উন্নত পরিষেবা প্রসঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ‘সবকা সাথ, সবকা বিকাশ’- এর মন্ত্র মেনেই এই সাধারণ যাত্রীদের জন্য বিশেষ ট্রেনের পরিকল্পনা করা হয়েছে। আমজনতার ভ্রমণের মান উন্নত করতে প্রযুক্তি এবং ডিজাইনের যেমন মেলবন্ধন ঘটানো হচ্ছে ঠিক তেমনই ট্রেনের ইঞ্জিনের ডিজাইন থেকে শুরু করে কোচের অন্দরসজ্জা, সবক্ষেত্রেই বিশ্বমানের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আশা রাখছি ভবিষ্যতে আরও অনেক ট্রেন ভারতের বিভিন্ন রেলপথে যাত্রী সাধারণের জন্য চালু করা হবে।

google button