বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরান যুদ্ধের কারণে তেল নিয়ে বড় বিপদে পড়েছে ভারত (India Oil Import)। মুখে না বললেও দেশে তেলের যোগান বজায় রাখতে ইরান এবং রাশিয়ার পাশাপাশি অন্যান্য দেশগুলির থেকেও তেল কেনার চেষ্টা চালাচ্ছে ভারত। এরই মাঝে শোনা গেল, হরমুজ প্রণালী নিয়ে দুশ্চিন্তার মধ্যেই এবার তৃতীয় দেশ অর্থাৎ ভেনেজুয়েলা থেকে বিপুল পরিমাণ তেল আসছে ভারতে। যদিও এই দেশের নিয়ন্ত্রণ এখন রয়েছে ডোনাল্ড ট্রাম্পের হাতে। ফলে ভেনেজুয়েলার তেল অন্যান্য দেশগুলিকে বিক্রি করছে আমেরিকাই।
বিপুল পরিমাণ তেল আসছে ভেনেজুয়েলা থেকে
কমোডিটি এনালিটিক্স ফার্ম কেকলার দাবি করছে, আমেরিকার নিয়ন্ত্রণাধীন ভেনেজুয়েলা থেকে 10 থেকে 12 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ভারতে আসছে। জানা যাচ্ছে, এপ্রিলের মধ্যেই এই তেল ভারতীয় বন্দরে এসে পৌঁছবে। আগামীতে ধাপে ধাপে আরও তেল ভেনিজুয়েলা থেকে আমদানি করার পরিকল্পনা রয়েছে নয়া দিল্লির।
বিশ্লেষক মহলের অনেকেই মনে করছেন, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে ওঠার কারণে তেল আমদানিতে বৈচিত্র বাড়াতে এবং দেশে তেলের চাহিদা মেটাতে হাতেগোনা কয়েকটি দেশের বদলে একসাথে একাধিক দেশ থেকে তেল আমদানির পরিকল্পনা করছে নরেন্দ্র মোদি সরকার। শুধু বর্তমান পরিস্থিতি নয় বরং ভবিষ্যতের কথা চিন্তা করেই এমন ভাবনা ভারতের।
বলাই বাহুল্য, এর আগেও ভেনেজুয়েলা থেকে বিপুল পরিমাণ তেল কিনেছে ভারত। যদিও পরবর্তীতে আমেরিকার নিষেধাজ্ঞা চাপায় এই দেশ থেকে তেল আমদানি বন্ধ করে দিয়েছিল নয়া দিল্লি। এবার ফের এক বছর পর সেই দেশ থেকেই ভারতে আসতে চলেছে অপরিশোধিত তেল। তবে ভারত চাইছে ভেনিজুয়েলার পাশাপাশি এমন আরও কিছু দেশের সাথে চুক্তি করে সেখান থেকে তেল নিয়ে আসতে।
অবশ্যই পড়ুন: শান্ত হচ্ছে মধ্যপ্রাচ্য! ২ সপ্তাহ যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, খুলবে হরমুজ?
ভেনেজুয়েলাই কেন?
বলে রাখা প্রয়োজন, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় তেল রিজার্ভ রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায়। তবে সমস্যা একটাই এখানকার তেল অত্যন্ত অশুদ্ধ। ফলে এই তেল রিফাইন করতে যেমন প্রচুর সময় লাগে তেমনই খরচ হয় বিপুল অর্থ। তবে বর্তমান সময় দাঁড়িয়ে গোটা বিশ্বের পরিস্থিতি যেদিকে এগোচ্ছে সেখানে রাশিয়া ছাড়া এখনই ভারতের হাতে দ্বিতীয় বিকল্প কিছু নেই। তাই ভেনেজুয়েলাকেই বেছে নিতে হচ্ছে।












