বিক্রম ব্যানার্জী, কলকাতা: শক্তি বাড়ছে ভারতীয় নৌসেনার (Indian Navy)। কারণ পরমাণু অস্ত্রবাহী তৃতীয় ডুবোজাহাজ এবার তাদের অস্ত্রাগারে জায়গা পাচ্ছে। হ্যাঁ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর হাত ধরে শুক্রবার বিশাখাপত্তনমে নৌসেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তরে পরমাণু শক্তি সম্পন্ন ব্যারিস্টিক ক্ষেপণাস্ত্র বহনকারী INS অরিদমনের কমিশনিং শেষ হয়েছে। এই ডুবোজাহাজ জলপথে শত্রুদের পিলে চমকে দেবে!
প্রতিরক্ষা মন্ত্রীর বিশেষ পোস্ট
শুক্রবার ভারতীয় নৌসেনার অস্ত্র ভান্ডারে অরিদমন জায়গা পাওয়া মাত্রই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি বিশেষ পোস্ট করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ওই পোস্টে মন্ত্রী লেখেন, “এটা কিন্তু শব্দ নয়, এটা শক্তি নয়, ‘অরিদমন’!” বলাই বাহুল্য, এর আগে 2024 সালের আগস্ট মাস নাগাদ ভারতীয় নৌবাহিনীর হাতে এসেছিল দ্বিতীয় ডুবোজাহাজ INS অরিঘাত। তারও আগে 2016 সাল নাগাদ ভারতীয় নৌসেনা পেয়েছিল প্রথম পরমাণু শক্তি চালিত এবং পরমাণু অস্ত্র বহনকারী যুদ্ধজাহাজ INS অরিহন্ত। তবে সেইসব যুদ্ধ জাহাজের তুলনায় আজকের অরিদমনের শক্তি যে কয়েকগুণ বেশি তা বলাই যায়।
ভারতীয় নৌসেনার নতুন ডুবোজাহাজ অরিদমনের বৈশিষ্ট্য
প্রথমেই বলে রাখি, অরিদমন একটি সংস্কৃত শব্দ যার অর্থ শত্রু বিনাশকারী। ভারতীয় নৌবাহিনীর নতুন ডুবোজাহাজটিকে চিহ্নিত করা হয়েছে S-4 হিসেবে। প্রতিরক্ষা খাতের গবেষকদের দাবি, এই পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজ একসাথে 7000 টনেরও বেশি পারমাণবিক অস্ত্রশস্ত্র, একসাথে 3500 কিলোমিটার রেঞ্জের 8টি K-4 ব্যালিস্টিক মিসাইল বহন করতে সক্ষম। সবচেয়ে বড় কথা এই ডুবোজাহাজ আগের আর পাঁচটা ডুবোজাহাজের তুলনায় কয়েক গুণ বেশি শক্তিশালী।
অবশ্যই পড়ুন: বঙ্গোপসাগরে ফুঁসছে সাইক্লোন, এপ্রিলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়
প্রসঙ্গত, জলপথে চিন, পাকিস্তানের মতো শত্রুদের গতিবিধিতে নজর রেখে সামরিক দিক থেকে নিজেদের এগিয়ে রাখতে চাইছে ভারতীয় নৌবাহিনী। মূলত সে কারণেই নৌসেনার তৎপরতায় তৈরি হচ্ছে একের পর এক অত্যাধুনিক রণতরী এবং ডুবোজাহাজ। সেইসব যুদ্ধজাহাজ সামিল হচ্ছে ভারতীয় নৌবাহিনীর অস্ত্র ভান্ডারে। সম্প্রতি INS অরদমনের কাজও শুরু হয়েছে। যা তৈরি হচ্ছে প্রজেক্ট 75 (1) কর্মসূচির অধীনে। তবে বলে রাখি, ভারতের নতুন ডুবোজাহাজ INS আরিদমন সম্পর্কে কোনও বিবৃতি দেয়নি নৌবাহিনী।












