সৌভিক মুখার্জী, কলকাতা: আন্তর্জাতিক ভ্রমণ সক্ষমতার ক্ষেত্রে ধীরে ধীরে অগ্রগতি হচ্ছে ভারতের। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হেনলি এন্ড পার্টনারসের হেনলি পাসপোর্ট সূচকে এবার ভারতের অবস্থান উঠে আসলো ৭৫ তম স্থানে (Indian Passport)। গত বছর যেখানে ভারতের র্যাঙ্ক ছিল ৮৮, সেখানে ২০২৬ সালের শুরুতে ছিল ৮০। আর সেখান থেকেই একধাক্কায় ১০ ধাপ উন্নতি করে আন্তর্জাতিক গতিশীলতায় বিরাট মাইলফলক স্পর্শ করল নয়াদিল্লি।
ভিসা ছাড়াই ভ্রমণ ৫৬টি দেশে
বর্তমানে ভারতীয় পাসপোর্টধারীরা ভিসা ছাড়া, ভিসা অন অ্যারাইভাল অথবা সহজ এন্ট্রি পারমিটে মোট ৫৬টি দেশে ভ্রমণ করতে পারে। আর জানুয়ারিতে এই সংখ্যা নেমে হয়েছিল ৫৫টি। তবে ফেব্রুয়ারি মাসে নতুন করে একটি দেশ যুক্ত হওয়ায় তালিকা এবার আরও বেড়েছে। জানা গিয়েছে, সাম্প্রতিক আপডেটে আফ্রিকার দেশ গাম্বিয়া পুনরায় ভারতের জন্য ভিসা ফ্রি বা ভিসা অন অ্যারাইভাল তালিকায় যুক্ত হয়েছে। অন্যদিকে নীতিগত পরিবর্তনের জেরে আগে থেকে তালিকায় বাদ পড়েছিল ইরান এবং বলিভিয়া। ফলে সাময়িকভাবে সেই সংখ্যাটা কিছুটা কমেছিল।
কীভাবে তৈরি হয় হেনলি পাসপোর্ট সূচক?
রিপোর্ট অনুযায়ী, হেনলি পাসপোর্ট সূচকে ২০০টি দেশের পাসপোর্টকে ২২৭টি গন্তব্যের ভিত্তিতে মূল্যায়ন করা হয়। আর পয়েন্ট দেওয়া হয় মূলত কিছু বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত সম্পূর্ণ ভিসা-ফ্রি এন্ট্রি, দ্বিতীয়ত ভিসা-অন-অ্যারাইভাল, তৃতীয়ত ভিজিটর পারমিট এবং বেসিক eTA অনুমোদন। তবে প্রি-অ্যাপ্রুভড ভিসা বা পূর্ণ ই-ভিসার সুবিধা থাকলে তা গণনার ক্ষেত্রে ধরা হয় না।
আরও পড়ুন: ভোটের আগে ব্রিগেডে আসছেন মোদী, হবে রথযাত্রাও! কবে প্রধানমন্ত্রীর সভা?
তালিকার শীর্ষে কারা রয়েছে?
রিপোর্ট বলছে, ২০২৬ সূচকে শীর্ষস্থানে রয়েছে সিঙ্গাপুর, যেখানে পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ১৯২টি দেশে ভ্রমণ করতে পারে। তারপর রয়েছে জাপান এবং দক্ষিণ কোরিয়া, যারা ভিসা ছাড়া ১৮৭টি দেশে ভ্রমণ করতে পারে। এরপর সুইডেন ও সংযুক্ত আরব আমিরাত, যারা ১৮৬টি দেশে ভ্রমণ করতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্র রয়েছে দশম স্থানে, যারা ভিসা ছাড়া ১৭৯টি দেশে ভ্রমণ করতে পারে।











