সহেলি মিত্র, কলকাতাঃ ফের একবার কপাল খুলতে চলেছে বাংলার (West Bengal)। এমনিতে যত সময় এগোচ্ছে ততই রেল ব্যবস্থায় একের পর এক বিবর্তন সাধারণ মানুষের হয়রানি কমিয়ে দিয়েছে। বাংলা থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের সাধারণ রেল যাত্রীদের কথা মাথায় রেখে সে নিত্য নতুন ট্রেন হোক, হাইস্পিড রেল লাইন, করিডোর, উন্নত পরিষেবা সহ একের পর এক কাজ করছে রেল (Indian Railways)। তবে এবার আরও বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। জানা গিয়েছে, বাংলা সহ আরও ২ রাজ্যের জন্য ৮৭২ কোটি টাকা অনুমোদন করল রেল। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।
বাংলা সহ ৩ রাজ্যের জন্য ৮৭২ কোটি টাকা অনুমোদন রেলের
জানা গিয়েছে, যাতে ট্রেন চলাচলে দেরি না হয়, আরও নতুন ট্রেন যোগ করা এবং আরও বেশি মালবাহী ট্রেন চালাতে যাতে সুবিধা হয় সেজন্য বাংলা, কেরালা এবং রাজস্থানের জন্য ৮৭২ কোটি টাকার অবকাঠামোগত প্রকল্প অনুমোদন করেছে রেল। উল্লেখিত কাজের ক্ষেত্রে একদিকে যেমন রেলের সুবিধা হবে ঠিক তেমনই উপকৃত হবেন সাধারণ মানুষও বলে মনে করা হচ্ছে।
রেলের নজরে বাংলা
রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গে রেলমন্ত্রক ১০৭.১০ কোটি টাকা ব্যয়ে ৪.৭৫ কিলোমিটার দীর্ঘ কালীপাহাড়ি বাইপাস লাইন (Kalipahari Bypass Line) নির্মাণের অনুমোদন দিয়েছে। এই কাজ সম্পূর্ণ হলে, নতুন লাইনটি দক্ষিণ-পূর্ব রেলওয়ে এবং পূর্ব রেলওয়ে নেটওয়ার্কের মধ্যে সরাসরি সংযোগ প্রদান করবে। এর ফলে রেলওয়ে ইয়ার্ডে ইঞ্জিন রিভার্সনেরও প্রয়োজন হবে না। এই কাজের ফলে ট্রেন চলাচল আগামী দিনে আরও মসৃণ হবে এবং ট্রেন দেরির সমস্যা কমবে বলে আশাবাদী রেল।
রাজস্থান ও কেরালায় কী কাজ করবে রেল?
এবার জেনে নেওয়া যাক মরু রাজ্য রাজস্থান এবং কেরালায় কী কী কাজ করবে রেল সে সম্পর্কে। রাজস্থানে কোচ রক্ষণাবেক্ষণের পরিকাঠামো শক্তিশালী করার জন্য দুটি বড় প্রকল্প অনুমোদন করা হয়েছে। প্রথম পর্যায়ের অধীনে, শ্রী গঙ্গানগর স্টেশনে ১৭৪.২ কোটি টাকা ব্যয়ে একটি নতুন কোচ রক্ষণাবেক্ষণ সুবিধা তৈরি করা হবে। এই প্রকল্পটি এলএইচবি কোচ এবং বন্দে ভারত ট্রেন সহ আধুনিক কাজকে সমর্থন করার জন্য রক্ষণাবেক্ষণ ব্যবস্থা আপগ্রেড করার একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। এছাড়াও, দ্বিতীয় পর্যায়ে রাজস্থানের লালগড়ে ১৩৯.৬ কোটি টাকা ব্যয়ে কোচিং রক্ষণাবেক্ষণ সুবিধা বৃদ্ধি করা হবে। বিকানের অঞ্চলে বন্দে ভারত এবং এলএইচবি ট্রেন পরিষেবার ক্রমবর্ধমান সংখ্যার কারণে ক্রমবর্ধমান রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা পূরণের জন্য এই সম্প্রসারণের লক্ষ্য বলে খবর। এছাড়াও আরও বহু ট্রেনের ডিজাইনের ক্ষেত্রে রাজস্থানকে বেছে নিয়েছে রেল।
আরও পড়ুনঃ শীত, বৃষ্টির দিন শেষ! দক্ষিণবঙ্গে এবার গরমের খেলা, নজরে ৪ জেলা! আজকের আবহাওয়া
কেরালার কথা বললে, কেরালায় ২১.১০ কিমি তুরাভুর-মারারিকুলাম লাইন ডাবলিং হবে।এই কাজের ক্ষেত্রে রেল আনুমানিক প্রায় ৪৫০.৫০ কোটি টাকা অনুমোদন করেছে বলে খবর। এই ২১.১০ কিমি তুরাভুর-মারারিকুলাম বিভাগটি এর্নাকুলাম-আলাপুঝা-কায়ানকুলাম করিডোরের অংশ। এই অংশের কাজ প্রসঙ্গে রেলের দাবি, এই দ্বিগুণকরণ প্রকল্পের ফলে প্রতিটি দিকে প্রতিদিন নয়টি অতিরিক্ত যাত্রীবাহী ট্রেন চলাচল সম্ভব হবে এবং বছরে প্রায় ২.৮৮ মিলিয়ন টন মালবাহী পরিবহন বৃদ্ধি পাবে। এর ফলে মালবাহী ট্রেনের আটকে থাকার সময় ১৭ থেকে ১৯ মিনিট এবং যাত্রীবাহী ট্রেনের আটকের সময় ১২ থেকে ১৫ মিনিট কমবে, যা উল্লেখযোগ্য সময় সাশ্রয় করবে।












