বিক্রম ব্যানার্জী, কলকাতা: কম খরচে এক স্থান থেকে আরেক স্থানে অর্থাৎ গন্তব্যে পৌঁছনোর অন্যতম মাধ্যম রেল। সেই সূত্রেই, প্রতিদিন দেশের কয়েক কোটি মানুষ ট্রেনে চেপে নিজ নিজ গন্তব্যে পৌঁছচ্ছেন। তবে দেশের বিরাট রেল নেটওয়ার্কের সুবিধা নেওয়ার পাশাপাশি ভারতের কোণায় কোণায় ছড়িয়ে থাকা ভারতীয় রেলের (Indian Railways) বিভিন্ন স্টেশন চত্ত্বর ও প্লাটফর্ম এমনকি ট্রেন পরিষ্কার রাখা যাত্রীদের অন্যতম দায়িত্ব। যদিও বর্তমান সময়ে তা ভুলেই স্টেশন প্লাটফর্মের যত্রতত্র ময়লা ফেলেন অনেকে। তবে রেল বলছে, স্বচ্ছতার প্রশ্নে এমন বেশ কিছু কাজ রয়েছে যেগুলি স্টেশনে বা প্লাটফর্মে করলে শাস্তি হতে পারে যাত্রীদের।
প্ল্যাটফর্মে এইসব কাজ করলে শাস্তির হাত থেকে রেহাই নেই!
ভারতীয় রেলের দাবি, রেলওয়ে প্রাঙ্গন বিশেষ করে স্টেশন চত্বর এবং রেলের অধীনে থাকা এলাকাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা শুধুমাত্র রেল নয় বরং যাত্রীদেরও কর্তব্য। এই পরিচ্ছন্নতা কেবল বাহ্যিক সৌন্দর্য দেয় না, সেই সাথে জনস্বাস্থ্য, যাত্রী সুরক্ষা এবং কার্যক্রমের দক্ষতাকে বাড়ায়। কিন্তু সেসব জানা সত্ত্বেও প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী স্টেশন চত্বর নোংরা করছেন।
এ নিয়ে ভারতীয় রেলের বিধি, 2012 এবং রেলওয়ে অ্যাক্ট 1989 এর 145 ধারা অনুযায়ী, যদি কোনও যাত্রী রেল স্টেশন বা প্লাটফর্ম অথবা ট্রেনের ভেতরে ময়লা ফেলেন এক কথায় রেলের সম্পত্তি নোংরা করেন তবে তাঁকে শাস্তি পেতে হবে। এটি সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। রেল বলছে, ভারত সরকার তথা রেলের সম্পত্তি বিভিন্ন স্টেশন, প্ল্যাটফর্ম, রেললাইন, প্লাটফর্মের সিঁড়ি, ওয়েটিং রুম, টিকিট কাউন্টারের সামনের অংশ, রেলের ওয়াশরুম, ট্রেন সহ অন্যান্য সম্পত্তিতে আবর্জনা বা ময়লা ফেলা দণ্ডনীয় অপরাধের অধীনে।
অবশ্যই পড়ুন: পশ্চিমী ঝঞ্ঝা, নিম্নচাপের জেরে বৃষ্টি দক্ষিণবঙ্গের ৫ জেলায়, আজকের আবহাওয়া
ভারতীয় রেল সূত্রে খবর, খাবারের প্লাস্টিক থেকে শুরু করে জলের বোতল, কোনও কাপড়, অপ্রয়োজনীয় দ্রব্য যা বর্জ্য হিসেবে গণ্য করা হয় সেইসব পদার্থ এমনকি ফলের খোসা, আধ খাওয়া খাবারের মতো বিভিন্ন পদার্থ রেল স্টেশন বা সম্পত্তিতে ফেলে রাখা আইনত অপরাধ। তাছাড়াও যেসব ব্যক্তি রেল স্টেশনে একেবারে ইচ্ছে করেই থুথু ফেলেন কিংবা প্রস্রাব বা মলত্যাগ করে থাকেন তাঁরাও সমান অপরাধী। একই সাথে রেলের সম্পত্তির মধ্যে বিনা অনুমতিতে পশু বা পাখিকে খাওয়ানো, স্নান করা কিংবা কাপড় ধোঁয়া এমনকি পানের পিক ফেলার মতো বিষয়গুলির ক্ষেত্রে জরিমানা এবং নির্দিষ্ট সময়ের জন্য জেল হতে পারে যাত্রীদের। রেলের আইন অনুযায়ী, কেউ যদি উল্লিখিত কাজগুলির মধ্যে একটিও করেন সেক্ষেত্রে ধরা পড়লে 500 টাকা জরিমানা এবং সর্বোচ্চ ছয় মাসের জেল হতে পারে।












