বিক্রম ব্যানার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ার পরিস্থিতি যত কঠিন হচ্ছে ততই জ্বালানি নিয়ে চিন্তা বাড়ছে গোটা বিশ্বে (Iran On India)। ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণ কায়েম করেছে ইরান। ফলে এই জলপথ দিয়ে জাহাজ নিয়ে আসতে তেহরানের অনুমতি নিতে হচ্ছে দেশগুলিকে। যদিও আগেই ইরানের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আমেরিকা, ইজরায়েল ও তাদের মিত্রশক্তিগুলি ছাড়া ভারত সহ বিশ্বের একাধিক দেশ হরমুজ দিয়ে জাহাজ নিয়ে আসতে পারবে। এমতাবস্থায় এবার, মুখ খুললেন ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মহম্মদ ফাত্তাহলি। একই সাথে চাহাবার প্রকল্পে ভারতের স্বার্থ নিয়েও মন্তব্য করেন তিনি।
ভারতের স্বার্থ নিয়ে মুখ খুললেন ইরানের রাষ্ট্রদূত
এদিন ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত প্রথমে হরমুজ প্রণালী নিয়ে কথা বলতে গিয়ে সংবাদ সংস্থা ANI কে জানান, হরমুজ প্রণালী আসলে ইরান ও ওমানের আঞ্চলিক জলসীমা। মহম্মদ ফাত্তাহলি সোমবার জানান, “ইরান চিরকালই আন্তর্জাতিক জাহাজ চলাচল রুটে নিরাপত্তার উপর গুরুত্ব দিয়ে এসেছে। কিন্তু হরমুজ আন্তর্জাতিক জলসীমার অংশ নয়। এটি ইরান এবং ওমানের আঞ্চলিক ও অভ্যন্তরীণ জনসীমা। তাই এই প্রণালীতে দুই দেশের স্বার্থ যাতে সুরক্ষিত থাকে সেদিকেই আমাদের নজর।। এই অংশ দিয়ে কোন জাহাজ যাবে তা ঠিক করবে তেহরান এবং মাসকট। ”
এদিন ইরানের রাষ্ট্রদূত চাহাবার প্রকল্প নিয়ে মুখ খুলে জানান, চাহাবার একটি বড় আঞ্চলিক প্রকল্প। এই প্রকল্পকে একতরফা এবং অবৈধভাবে নিষিদ্ধ করা যায় না। আন্তর্জাতিক স্তরে এই প্রকল্পের গুরুত্ব রয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি থেকে শুরু করে মধ্য এশিয়ায় ভারতের প্রবেশাধিকার নিশ্চিত করতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই প্রকল্প। এই বন্দরের মাধ্যমেই ভারতের সঙ্গে সব সময় যোগাযোগ রাখছে ইরান।
অবশ্যই পড়ুন: ভোটার তালিকা থেকে বাদ ৯০ লাখের বেশি নাম! নিষ্পত্তির কাজ শেষে হিসাব প্রকাশ কমিশনের
একই সাথে সোমবার ইরানের রাষ্ট্রদূত ভারত প্রসঙ্গে এও বলেন, পশ্চিম এশিয়ায় যে সংঘাত চলছে তা অবসানের ক্ষেত্রে ভারত অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে পারে। ইরানি রাষ্ট্রদূত বললেন, আলোচনার মধ্যে দিয়ে সংঘাতের পরিস্থিতিতে জল ঢালতে ভারত ইতিমধ্যেই সব পক্ষকে আহ্বান জানাচ্ছে। দিল্লির এমন কার্যক্রম সত্যিই প্রশংসাযোগ্য। একই সাথে ইরানের সাথে ভারতের সুসম্পর্ক কতটা গভীর সেটাও নিজের বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দেন দেশে নিযুক্ত তেহরানের রাষ্ট্রদূত।












