বিক্রম ব্যানার্জী, কলকাতা: গোটা বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও দেশীয় সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং বিপি বা ব্রিটিশ পেট্রোলিয়ামের জ্বালানি বিষয়ক যৌথ উদ্যোগ জিও-বিপি (Jio-BP On Oil Price) পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ানোর কোনও পরিকল্পনা করছে না। ভারতের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি জ্বালানি বিক্রেতা প্রতিষ্ঠানটি তাদের তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়ায় স্বস্তি পেয়েছেন আমজনতা।
দেশবাসীর স্বার্থে বড় সিদ্ধান্ত Jio-BP র
গোটা বিশ্ব বাজারে তেলের দাম ওঠানামা করলেও ভারতের সরকারি তেল সরবরাহকারী সংস্থাগুলি ভারতে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ায়নি। সেই পথ ধরেই Jio-BP ও সাধারণ মানুষের পকেটের উপর বোঝা চাপাতে চাইছে না। এ প্রসঙ্গে Jio-BP র প্রধান নির্বাহী অক্ষয় ওয়াধওয়া একটি শিল্প অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বলেন, “জ্বালানি সংক্রান্ত বিষয়ে আমরা দেশের পাশে আছি। পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি 100 ডলার ছাড়িয়ে গেছিল। কিন্তু তেল কোম্পানি এবং সরকার দেশীয় ক্রেতাদের এই প্রভাব থেকে বাঁচিয়ে রেখেছে। সরকার পেট্রোল ও ডিজেলের উপর অবগারি শুল্ক কমিয়েছে। যার ফলে তেলের দাম বাড়লেও ভারতে পেট্রোল ও ডিজেলের দাম বাড়েনি। আমরাও একই পথে হাঁটছি।”
তেলের দাম বাড়িয়েছে নায়রা এনার্জি
রাশিয়ার সবচেয়ে বড় তেল উৎপাদনকারী রসনেফটের বড় অংশীদারিত্ব রয়েছে এই তেল সরবরাহকারী সংস্থায়। সেই নায়ারা এনার্জি সম্প্রতি পেট্রোলের দাম লিটার প্রতি 5 টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে 3 টাকা বাড়িয়ে দিয়েছে। বলে রাখি, নায়রা দেশের বৃহত্তম বেসরকারি জ্বালানি খুচরা বিক্রেতা। গোটা ভারতে 6,967টি আউটলেট রয়েছে এই সংস্থার।
অবশ্যই পড়ুন: পরিবহণ কর্মীদের DA বাড়াল রাজ্য সরকার, কতটা?
রিপোর্ট বলছে, শেল ইন্ডিয়াও গোটা দেশজুড়ে 343টি পেট্রোল পাম্পে জ্বালানির দাম বাড়িয়ে দিয়েছে। এ নিয়ে Jio-BP এর প্রধান নির্বাহী জানিয়েছেন, বাকিরা যাই করুক Jio-BP এই মুহূর্তে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ানোর কোনও পরিকল্পনা করছে না। এদিন তিনি এও বলেন, মার্চ মাসে কোম্পানির পেট্রোল বিক্রি 30 শতাংশ বেড়েছে। ডিজেলের বিক্রি বেড়েছে 25 শতাংশ পর্যন্ত। এর প্রধান কারণ Jio-BP-র বিশেষ অ্যাডিটিভযুক্ত জ্বালানির ভাল মাইলেজ। বলাই বাহুল্য, গোটা দেশজুড়ে 1 লাখ 2 হাজার 75টি পেট্রোল পাম্প রয়েছে। এগুলির মধ্যে 2,185টি পেট্রোল পাম্পের মালিক রিলায়েন্স। পেট্রোল বিক্রিতে বাজারে এই সংস্থার অংশ রয়েছে 4 শতাংশ। অন্যদিকে ডিজেল বিক্রিতে 6 শতাংশ অংশীদারিত্ব রয়েছে রিলায়েন্সের।












