বিমানে ইয়ারফোন ছাড়া গান শুনলেই শাস্তি? কড়া পদক্ষেপের পথে কেন্দ্র

Published:

Flight Passengers
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: সাম্প্রতিক কালে বেশ কয়েকবার দেখা গিয়েছে বেশ কিছু যাত্রী (Flight Passengers) বিমানের ভিতর বিশৃঙ্খল আচরণ করে থাকেন। এমনকি নিজের কাজের জন্য অন্যদের কাজে বিঘ্ন ঘটান, এবার সেই যাত্রীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। দরকারে নেওয়া হতে পারে জরিমানা। লোকসভায় এই সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে এমনই হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের প্রতিমন্ত্রী মুরলীধর মোহল।

বিমানে বিশৃঙ্খলা নিয়ে প্রশ্ন মন্ত্রীর

বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইয়ারফোন ছাড়াই বিমানে অনেকে জোরে সাউন্ড দিয়ে বিনোদন উপভোগ করে। শুধু বিমানে নয়, রাস্তাঘাটে চলতে ফিরতে, বাসে, ট্রামে কিংবা ট্রেনের মধ্যে অনেক যাত্রী জোরে জোরে মোবাইলে রিল দেখেন বা গান শোনেন। এর ফলে বাকি যাত্রীরা সমস্যায় পড়েন। তাঁদের জন্য সেক্ষেত্রে কী ব্যবস্থা করা যায় সেই নিয়ে সম্প্রতি লোকসভায় প্রশ্ন করেছিলেন তামিলনাড়ুর সাংসদ ভিএস মাথেশ্বরণ। প্রশ্নের জবাবে বিমান পরিবহন প্রতিমন্ত্রী মুরলীধর মহোল জানিয়েছেন, বিমানের মধ্যে জোরে গান শোনা বা ভিডিয়োর দেখা নিয়ে আলাদা করে কোনও আইন নেই। তবে ডিজিসিএ-র ১৯৩৭ সালের বিমানবিধি রয়েছে যা যাত্রীদের বিশৃঙ্খল আচরণ মোকাবিলা করে।

জরিমানা দিতে হতে পারে যাত্রীদের

১৯৩৭ সালের এয়ারক্রাফটের নিয়ম অনুযায়ী, যদি বিমানের কোনও যাত্রীর আচরণ অন্য এক বা একাধিক যাত্রী কিংবা বিমানকর্মীর নিরাপত্তা বিঘ্নিত করে বা কারও অস্বস্তির কারণ হয়, তবে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। প্রথমত, বিমান সংস্থা মনে করলে ওই যাত্রীকে বিমান থেকে নামিয়ে দিতে পারে। এবং পরবর্তীতে তাঁকে আর বিমানে না তোলার সিদ্ধান্তও নেওয়া হতে পারে। দ্বিতীয়ত, বিমানের মধ্যে শৃঙ্খলা ভঙ্গ করলে যে কোনও যাত্রীকে আটকানো এবং তাঁর বিরুদ্ধে পদক্ষেপের ক্ষমতা রয়েছে পাইলটের হাতে। তৃতীয়ত, বিমানবিধি ভঙ্গ করলে সংশ্লিষ্ট যাত্রীকে জরিমানা করা হতে পারে।

আরও পড়ুন: ছাত্রীদের জন্য সুখবর, পূর্ব বর্ধমানে ১০০ স্কুলে বসছে স্যানিটারি ভেন্ডিং মেশিন

মন্ত্রী মুরলীধর মহোল লোকসভায় এদিন স্পষ্ট করেছেন যে, বোর্ডিং বা অবতরণের সময় বিমান সংস্থার তরফে হালকা সুরের গান বাজানো বা ইন-ফ্লাইট এন্টারটেনমেন্ট সিস্টেমে সরবরাহ করা কনটেন্ট এই নিয়মের আওতায় পড়ে না। মূলত ব্যক্তিগত মোবাইল বা স্পিকারে ইয়ারফোন ছাড়া উচ্চস্বরে গান বা অডিও বাজানোই সমস্যার কারণ হলে এই নিয়ম কার্যকরী হয়। এ ছাড়া বিমানের ভিতরে ভিডিও ব্লগিং বা ছবি তোলা নিয়েও প্রশ্ন করা হলে মন্ত্রী জানান, উড়ানের সময় বা এয়ারড্রোমে পূর্বানুমতি ছাড়া ছবি তোলায় বিধিনিষেধ রয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now