বিক্রম ব্যানার্জী, কলকাতা: 1 মার্চ থেকেই বন্ধ হয়ে যাচ্ছে ভারতীয় রেলের জনপ্রিয় UTS অ্যাপ। এক কথায়, এ মাস শেষ হলেই আর UTS থেকে কাটা যাবে না ট্রেনের টিকিট। যদিও তার বিকল্প হিসেবে আগেই বিশেষ অ্যাপ RailOne এর (RailOne App) কথা জানিয়ে দিয়েছে ভারতীয় রেলওয়ে। এই অ্যাপ যাত্রীদের ফোনে ইন্সটল থাকলে এক প্ল্যাটফর্মেই যেমন টিকিট কাটা যাবে তেমনই করা যাবে খাবার অর্ডার থেকে শুরু করে ট্রেনের লোকেশন ট্র্যাক এমনকি ট্রেন লেট আছে কিনা তাও দেখা যাবে এই অ্যাপেই। কাটা যাবে মান্থলিও। কিন্তু নতুন অ্যাপে কীভাবে করবেন সেই কাজ?
RailOne থেকে কীভাবে কাটবেন মান্থলি?
ভারতীয় রেলের তরফে যাত্রীদের খুব পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, UTS অ্যাপ মার্চ থেকে আর কাজ করবে না। এর বদলে ব্যবহার করতে হবে RailOne। তবে নতুন অ্যাপ নিয়ে চারিদিকে শোরগোল পড়ে গেলেও নতুন অ্যাপে কীভাবে ট্রেনের টিকিট বা মান্থলি কাটবেন সেটাই বুঝে উঠতে পারছেন না অনেকেই। সেই সূত্রে বলি, নতুন RailOne অ্যাপ থেকে মান্থলি করাতে হলে প্রথমেই নিজের স্মার্টফোনে ইনস্টল করে ফেলুন RailOne অ্যাপ।
অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে login প্রক্রিয়া সেরে ফেলুন। বলে রাখা প্রয়োজন, একজন রেল যাত্রী চাইলে IRCTC অ্যাপের লগিন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এই নতুন অ্যাপে লগইন করতে পারেন। এই অল ইন ওয়ান অ্যাপে নিজের মান্থলি টিকিটটি কাটতে হলে সামনে আসা হোমপেজ থেকে আনরিজার্ভড অপশনে ক্লিক করে সেশন অপশনে টাচ করুন। সেখান থেকে নিজের সোর্স স্টেশন এবং ডেস্টিনেশন অর্থাৎ গন্তব্য স্টেশন সিলেক্ট করে প্রসিড টু বুক অপশনে ক্লিক করে পেমেন্ট পদ্ধতি বেছে নিয়ে অনলাইনে পেমেন্ট করে দিলেই বুক হয়ে যাবে মান্থলি টিকিট।
অবশ্যই পড়ুন: সামান্য খরচে পৌঁছে যান মহারাষ্ট্র, বাংলায় আরও এক অমৃত ভারত এক্সপ্রেস দিল রেল
UTS ওয়ালেটের টাকা ট্রান্সফার করা যাবে
এমন অনেকেই রয়েছেন যাঁদের UTS অ্যাপের ওয়ালেটে কয়েক হাজার টাকা রয়েছে। অ্যাপটি মার্চ মাস থেকে বন্ধ হয়ে যাওয়ার খবরে চিন্তায় কার্যত মাথায় হাত পড়েছে তাঁদের। বহু রেল যাত্রীর প্রশ্ন, UTS ওয়ালেটে থাকা টাকাগুলো কি তাহলে নষ্ট হয়ে যাবে? এ নিয়ে রেলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যেসব যাত্রীর UTS ওয়ালেট বা ব্যালেন্সে টাকা রয়েছে তাঁরা লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে RailOne এ লগইন করে নিলেই সেই টাকা ট্রান্সফার করা যাবে।












