যাত্রীদের ঝটকা, আচমকাই প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধের ঘোষণা রেলের! কারণ কী?

Published:

Platform ticket
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ প্ল্যাটফর্ম টিকিট (Platform Ticket) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রেল। আপনিও কি এই হোলিতে ট্রেনে ভ্রমণের প্ল্যান করছেন কিংবা প্রিয়জনকে স্টেশনে দিতে বা আনতে যাবেন বলে ভেবেছেন? তাহলে আপনার জন্য রইল অত্যন্ত জরুরি খবর। আর মাত্র কয়েকদিন পরেই রয়েছে হোলির মতো বড় উৎসব। এদিকে এই রঙের উৎসবকে কেন্দ্র করে অনেকের নানা প্ল্যান আছে স্বাভাবিকভাবেই। কেউ ট্রেনে করে বাড়ি যাবেন কিংবা ঘুরতে যাবেন। এহেন অবস্থায় প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধ রাখার ঘোষণা করল রেল। কবে কবে টিকিট বিক্রি বন্ধ থাকবে? চলুন জেনে নেওয়া যাক।

হোলিতে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধ করল রেল

রেলওয়ে (Indian Railways) সূত্রে খবর, হোলির সময় দিল্লি রেলওয়ে স্টেশনগুলিতে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে বড় তথ্য দিয়েছেন উত্তর রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা হিমাংশু শেখর উপাধ্যায়। তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে আজ ২৬শে ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত নয়াদিল্লি, পুরাতন দিল্লি, হযরত নিজামুদ্দিন, আনন্দ বিহার টার্মিনাল এবং দিল্লি সরাই রোহিল্লা স্টেশনগুলিতে প্ল্যাটফর্ম টিকিট বিক্রির উপর সাময়িক নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুনঃ পুরুলিয়ায় ট্রেন দুর্ঘটনা? কামরার উপর আরেক কামরা, মুখ খুলল রেল

যদিও কিছু ক্ষেত্রে ছুট দেওয়া হয়েছে। যেমন প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী, অসুস্থ এবং মহিলা যাত্রীদের সহায়তা করার জন্য স্টেশনে আসা ব্যক্তিরা এই নিয়মের আওতায় নেই। তিনি বলেন, স্টেশনে প্রবেশের অনুমতি কেবল নির্ধারিত প্রবেশদ্বার দিয়েই দেওয়া হবে এবং যাত্রীদের ভিড় এড়াতে সময়মতো পৌঁছানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

কেন এরকম সিদ্ধান্ত নিল রেল?

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আচমকা রেল এরকম সিদ্ধান্ত কেন নিল? আসলে হোলির সময়, উত্তরপ্রদেশ, বিহার এবং অন্যান্য রাজ্যে যাওয়া ট্রেনগুলিতে উপচে পড়া ভিড় থাকে। প্ল্যাটফর্মগুলিতে যাত্রীদের ভিড় থাকে, পাশাপাশি যাত্রীদের বিদায় জানাতে অপেক্ষারত থাকেন তাঁদের প্রিয়জনরাও। কখনও কখনও পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে ধাক্কাধাক্কি এবং বিশৃঙ্খলার মতো দেখা দেয়। এমনকি বিগত বছরগুলিতে পদপিষ্টের মতো ঘটনাও ঘটেছে। সব দিন খতিয়ে দেখে এখন রেল আপাতত সাময়িকভাবে প্ল্যাটফর্ম টিকিট বিক্রির ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে। রেলের বিশ্বাস, প্ল্যাটফর্ম টিকিট বাতিল করার ফলে অপ্রয়োজনীয় ভিড় কমবে এবং যাদের সত্যিই ভ্রমণের প্রয়োজন তাদের স্বস্তি মিলবে।