প্রীতি পোদ্দার, কলকাতা: কলকাতার মোমো তৈরির কারখানায় আগুন লাগার ঘটনার রেশ এখনও কাটেনি, আর এই আবহে সপ্তাহের প্রথম দিনেই আরও এক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের (Fire In Chemical Factory) খবর প্রকাশ্যে এল। রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় সোমবার সকালে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু কমপক্ষে নয়জনের। এখনও আটকে অনেকেই। উদ্ধারকাজে নেমেছে দমকলকর্মীরা, এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।
রসায়নিক কারখানায় ভয়াবহ আগুন
স্থানীয় রিপোর্ট মোতাবেক, আজ অর্থাৎ সোমবার সকালে রাজস্থানের অলওয়ারের ভিওয়াড়ি শহরের কাছে কুশখেরা-কারোলি শিল্পতালুকে একটি রাসায়নিক কারখানায় ভয়ংকরভাবে আগুন লেগে গিয়েছে। জানা গিয়েছে, অন্তত ২৫ জন শ্রমিক উপস্থিত ছিলেন। কোনো রকমে বেশ কয়েকজন শ্রমিককে সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগ ওই কারখানার ভিতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত করা ছিল। প্রত্যক্ষদর্শীরা কারখানা থেকে অন্তত তিন থেকে চারটি বড় বিস্ফোরণের শব্দ শুনেছেন। যদিও বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় দমকল আগুন নিয়ন্ত্রণে এনেছে।
আহতদের ভর্তি করানো হয়েছে হাসপাতালে
সূত্রের খবর, রাজস্থানের ওই রাসায়নিক কারখানাটিতে অন্তত ২৫ জন শ্রমিক উপস্থিত ছিলেন। ওই এলাকায় আরও কারখানা ছিল। আগুন লাগার খবর পেয়ে সেগুলিও খালি করে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ওই কারখানায় রাসায়নিক পদার্থের পাশাপাশি আতশবাজি তৈরির কাজও চলত। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই আহতদের ভর্তি করা হয়েছে মান্ড্য-র এমআইএমএস হাসপাতালে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই এলাকায় বিস্ফোরণের ঠিক আগে ওই ট্যাঙ্ক থেকে রাসায়নিক বাষ্প বেরিয়ে আসছিল এবং আগুন লেগে যাওয়ায় শ্রমিকরা গ্যাস কাটার দিয়ে ট্যাঙ্কের ঢাকনা খোলার চেষ্টা করছিল বাইরে বেরোনোর জন্য।
আরও পড়ুন: ‘আমি বলার পর চেতনা জাগ্রত’ যুবসাথীর অনলাইনে আবেদন নিয়ে সরকারকে জবাব শুভেন্দুর
কারখানায় আগুন লেগে যাওয়ার ঘটনায় অতিরিক্ত জেলাশাসক সুমিতা মিশ্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “পুলিশের একটি দল ভোরের দিকে রুটিন টহলদারি করার সময়ে ওই কারখানায় আগুন দেখতে পায়। সঙ্গে সঙ্গেই সেখানে দমকল এবং উদ্ধারকারী দল পাঠানো হয়। মোট ৯ জন ভেতরে আটকে পড়ে ছিলেন। এখনও পর্যন্ত আট জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকি একজনকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে কী ভাবে ওই রাসায়নিক কারখানায় আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।”











