সহেলি মিত্র, কলকাতা: বড়সড় দুর্ঘটনার কবলে ভারতীয় বাযুসেনার সুখোই বিমান (Sukhoi Su-30MKI Crash)। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে আসামের কার্বি আংলং জেলায় ভারতীয় বায়ুসেনার একটি যুদ্ধবিমান, Sukhoi Su 30 MKI ভেঙে পড়েছে। ইতিমধ্যেই বায়ুসেনার তরফে একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
ভেঙে পড়ল বায়ুসেনার সুখোই বিমান
বায়ুসেনা জানিয়েছে, ‘সু-৩০এমকেআই যুদ্ধবিমানটি একটি প্রশিক্ষণ মিশনে ছিল, যা জোরহাট থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে আসামের কার্বি আংলং এলাকায় ভেঙে পড়ে। ভারতীয় বিমান বাহিনী ৫ মার্চ, বৃহস্পতিবার রাত ৯:৩৪ মিনিটে যুদ্ধবিমানটি নিখোঁজ হওয়ার খবর দেয়। যুদ্ধবিমানটি আসামের জোরহাট থেকে উড্ডয়ন করেছিল এবং শেষবার সন্ধ্যা ৭:৪২ মিনিটে যোগাযোগ করা হয়েছিল। এখনো অবধি পাইলটের কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
নিখোঁজ পাইলট
Su-30MKI হল রাশিয়ান বিমান নির্মাতা সুখোই দ্বারা নির্মিত একটি দুই আসনের যুদ্ধবিমান। যুদ্ধবিমানটি নিখোঁজ হওয়ার পরপরই বায়ুসেনা একটি সার্চ অপারেশন শুরু করে। দুর্ঘটনার সময়ে বিমানটিতে দুইজন পাইলট ছিলেন বলে খবর। কিন্তু এখনো অবধি কাউকে খুঁজে পাওয়া যায়নি। তাঁরা বেঁচে আছেন নাকি মৃত সে বিষয়ে কোনো তথ্য নেই সেনার কাছে।
আরও পড়ুনঃ দু ঘন্টায় পৌঁছে যান হায়দরাবাদ! হাই স্পিড রেল করিডোর নিয়ে তৎপর রেল
শেষ পাওয়া খবর অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় জোরহাট বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই আসামের কার্বি আংলং জেলার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় ভারতীয় বিমান বাহিনীর সুখোই-30 যুদ্ধবিমানটি রাডারের সাথে যোগাযোগ হারিয়ে ফেলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে কার্বি আংলং পাহাড়ে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে।












