প্রীতি পোদ্দার, কলকাতা: SIR-এ বাংলায় বাদ যাবে কোটির বেশি মানুষের নাম। কারণ রাজ্য নাকি ‘অনুপ্রবেশকারী’তে ছেয়ে গিয়েছে। ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া (Special Intensive Revision) শুরুর সময় থেকেই চাঞ্চল্যকর দাবি করেছিল বিজেপি। আর এবার দেখা যাচ্ছে বঙ্গে ভোটারদের নথির নিষ্পত্তির পরে বাংলার ভোটার তালিকা থেকে বাদ গেল প্রায় ৯১ লক্ষ নাম। তবে উল্লেখযোগ্য বিষয় হল বাংলায় যে পরিমাণ ভোটারের নাম বাদ গিয়েছে তার চেয়ে শতাংশের বিচারে অনেক বেশি ভোটারের নাম বাদ গিয়েছে তামিলনাড়ুতে (Tamil Nadu)। তবে সেই সংখ্যাও পেরোতে পারে যোগীর উত্তরপ্রদেশে (Uttar Pradesh)।
নাম বাদের তালিকায় তামিলনাড়ু শীর্ষে
সূত্রের খবর, বিহারে SIR প্রক্রিয়া কার্যকরী হওয়ার পর দ্বিতীয় ধাপে পশ্চিমবঙ্গ-সহ মোট ৯টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছিল। এই তালিকায় তামিলনাড়ু, গুজরাত, কেরল ছাড়াও রয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, ছত্তীসগঢ়, গোয়া, পুদুচেরি, আন্দামান-নিকোবর এবং লাক্ষাদ্বীপ। সেই প্রেক্ষিতে আপাতত, নাম বাদের তালিকায় তামিলনাড়ু শীর্ষে রয়েছে। সে রাজ্যে মোট ৯৭.৩৭ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। তাই বলা যায় এক্ষেত্রে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থান অধিকার করেছে।
সকলকে টেক্কা দেবে উত্তরপ্রদেশ
নির্বাচন কমিশনের তরফে তামিলনাড়ুতে এই বিশাল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ার কারণ হিসেবে মৃত্যু, একাধিক জায়গায় নাম নথিভুক্ত থাকা এবং স্থান পরিবর্তনকে কারণ হিসেবে গণ্য করা হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে নাম বাদের পরিসংখ্যান নিয়ে। রিপোর্ট অনুযায়ী, উত্তরপ্রদেশে শুধুমাত্র খসড়া তালিকাতেই প্রায় ২ কোটি ৮৯ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। ফলস্বরূপ চূড়ান্ত তালিকায় সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই এখনও পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে তালিকায় নাম বাদ পড়ার হিসেবে উত্তরপ্রদেশ সবাইকে ছাপিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: মনোনয়নেই মেগা শো মমতার, এবার ভবানীপুরে শক্তি প্রদর্শনের পালা তৃণমূলের
তালিকায় কেরলে ৮ লক্ষ ৯৭ হাজার নাম বাদ যাওয়ার পর বর্তমান ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৯ লক্ষ। ছত্তীসগঢ়েও প্রায় ২৪ লক্ষ ৯৯ হাজার ভোটারের নাম ছাঁটাই করা হয়েছে। পাশাপাশি রাজস্থানে প্রায় ৩১ লক্ষ ৩৬ হাজার এবং মধ্যপ্রদেশে ৩৪ লক্ষ ২৫ হাজার ভোটার বাদের তালিকায় চলে গিয়েছে। ছোট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে গোয়ায় ১ লক্ষ ২৭ হাজার, পুদুচেরিতে ১ লক্ষ ৩ হাজার এবং আন্দামান-নিকোবরে ৫২ হাজার নাম তালিকা থেকে সরানো হয়েছে। এমনকি গুজরাতেও ৫ কোটি ৮ লক্ষ ভোটার থেকে সংখ্যাটি কমে দাঁড়িয়েছে ৪ কোটি ৪০ লক্ষে। তাই বোঝাই যাচ্ছে আসন্ন নির্বাচনের সমীকরণ এবার অনেকটাই বদলে যেতে চলেছে।












