প্রীতি পোদ্দার, কলকাতা: বিধানসভা নির্বাচন শুরু হতে আর খুব বেশি সময় নেই। তাই এইমুহুর্তে পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্যে SIR-এর কাজ চলছে। আর এই আবহে কেন্দ্রীয় সরকার জানিয়ে জনগণনা (Census 2027) সংক্রান্ত এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ্যে আনল। জানা গিয়েছে, চলতি বছর এপ্রিল মাস থেকে জনগণনা শুরু হবে। সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রথম পর্ব। দ্বিতীয় দফার জনগণনা শুরু হতে পারে ২০২৭ সালের এপ্রিল মাসে নাগরিকদের গণনা। এমতাবস্থায় জনগণনার প্রশ্নপত্রের নোটিফিকেশন জারি করল কেন্দ্রীয় সরকার।
প্রশ্নের তালিকার বিজ্ঞপ্তি কেন্দ্রের
রিপোর্ট মোতাবেক, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার ২০২৭ সালের আদমশুমারির জন্য একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে জনগণনার সমীক্ষার জন্য ৩৩ টি প্রশ্ন তালিকায় তুলে ধরা হয়েছে। জানা গিয়েছে, এই প্রশ্নগুলো বাসস্থান, পরিবার এবং যানবাহন সম্পর্কিত হবে। প্রথম ধাপে হবে বাড়ি ও বসতভিটে সংক্রান্ত গণনা। তাই এই পর্যায়ে মোট ৩৩টি প্রশ্ন রাখা হয়েছে। আগেই জানানো হয়েছিল যে চলতি বছরের ১ এপ্রিল থেকে এই প্রক্রিয়া শুরু হবে এবং শেষ হবে সেপ্টেম্বরে। জনসংখ্যা গণনার দ্বিতীয় ধাপের প্রশ্নপত্র পরে আলাদা ভাবে জানানো হবে বলে সরকারি সূত্রে খবর।
Notification of questionnaire of Phase I of Census of India 2027 – Houselisting & Housing Census has been issued. The questionnaire for Phase II i.e. Population Enumeration will be notified in due course.
भारत की जनगणना 2027 के प्रथम चरण – मकानसूचीकरण और मकानों की गणना हेतु… pic.twitter.com/1BHbxmA8fN
— Census India 2027 (@CensusIndia2027) January 22, 2026
শৌচাগারের সুবিধা এবং ধরন নিয়ে প্রশ্ন
সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, কেন্দ্রীয় সরকারের অনুমোদিত প্রশ্নগুলিতে বাড়ির অবস্থা, পরিবারের গঠন এবং মৌলিক সুযোগ-সুবিধা সম্পর্কিত প্রশ্ন রয়েছে। এর মধ্যে রয়েছে বাড়ির নম্বর, আদমশুমারি বাড়ির নম্বর, মেঝে, দেয়াল এবং ছাদের জন্য ব্যবহৃত প্রধান উপকরণ, আদমশুমারি বাড়ির ব্যবহার ও অবস্থা এবং পরিবারের নম্বর। এছাড়াও, পরিবারে সাধারণত বসবাসকারী মোট ব্যক্তির সংখ্যা, পরিবারের প্রধানের নাম ও লিঙ্গ এবং প্রধান তফসিলি জাতি, তফসিলি উপজাতি বা অন্যান্য বিভাগের অন্তর্ভুক্ত কিনা সে সম্পর্কেও প্রশ্ন রাখা রয়েছে তালিকায়। অন্যান্য বিবরণের মধ্যে রয়েছে আলোর প্রধান উৎস, শৌচাগারের সুবিধা, শৌচাগারের ধরন, বর্জ্য জল নিষ্কাশনের ব্যবস্থা, স্নানের সুবিধার সহজলভ্যতা, রান্নাঘর এবং এলপিজি/পিএনজি সংযোগ এবং রান্নার জন্য ব্যবহৃত প্রধান জ্বালানি।
সম্পত্তির মালিকানাও রেকর্ড হবে গণনায়
আদমশুমারিতে রেডিও বা ট্রানজিস্টর, টেলিভিশন, ইন্টারনেট সংযোগ, ল্যাপটপ বা কম্পিউটার, টেলিফোন বা মোবাইল ফোন বা স্মার্টফোন, সাইকেল, স্কুটার, মোটরসাইকেল, গাড়ি, জিপ বা ভ্যানের মতো পারিবারিক সম্পত্তির মালিকানাও রেকর্ড করা হবে। এছাড়াও পরিবারে খাওয়া প্রধান শস্য এবং আদমশুমারি-সম্পর্কিত যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে। আদমশুমারির সময় পরিবারের সবচেয়ে বয়স্ক সদস্যকে এই তথ্য সরবরাহ করতে হবে। বিজ্ঞপ্তিতে বাড়ির মালিকানার অবস্থা, বসবাসের ঘরের সংখ্যা এবং পানীয় জলের প্রধান উৎস ও তার সহজলভ্যতার কথা উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: রোহিত শর্মার নামের আগে বসতে চলেছে ‘ডক্টর’ উপাধি, বিরাট ঘোষণা
একনজরে ৩৩ টি প্রশ্নের তালিকা
১. বিল্ডিং নম্বর বা বাড়ির নম্বর কত?
২. বাড়ির আদমশুমারি নম্বর কত?
৩. বাড়ির মেঝে কী সামগ্রী দিয়ে তৈরি?
৪. বাড়ির ছাদ কী দিয়ে তৈরি করা হয়েছে?
৫. কী কাজে বাড়িটি ব্যবহার করা হচ্ছে?
৬. কী কাজে বাড়িটি ব্যবহার করা হচ্ছে?
৭. বাড়িটির বর্তমান অবস্থা কেমন?
৮. পরিবারের সংখ্যা কত?
৯. পরিবারের সদস্য সংখ্যা কত?
১০. পরিবারের প্রধানের নাম কী?
১১. পরিবারের প্রধানের লিঙ্গ কী?
১২. পরিবারের প্রধান কি তফসিলি জাতি / তফসিলি উপজাতি /অন্যান্যদের অন্তর্ভুক্ত?
১৩. বাড়ির মালিকানার অবস্থা
১৪. বাড়িতে অন্তর্ভুক্ত ঘরের সংখ্যা
১৫. পরিবারে বিবাহিত দম্পতি কতজন?
১৬. পরিবারে পানীয় জলের প্রধান উৎস কী?
১৭. পরিবারে পানীয় জলের উৎসের সহজলভ্যতা বা প্রাপ্যতা কী?
১৮. পরিবারে আলোর মূল উৎস কী?
১৯. আপনার বাড়িতে শৌচাগার আছে কি না?
২০. শৌচাগারের ধরণ কী?
২১. নোংরা জল বেরোনোর জল নিকাশি ব্যবস্থা আছে কি না?
২২. বাড়িতে স্নান করার সুযোগ সুবিধা আছে কি না?
২৩. রান্নাঘরে এলপিজি/পিএনজি গ্যাস রয়েছে আছে কি না?
২৪. বাড়িতে খাবার রান্না করতে প্রধানত কী ব্যবহার করা হয়?
২৫. বাড়িতে রেডিও বা ট্রানজিস্টার আছে কি না?
২৬. ঘরে টিভি আছে কি না?
২৭. বাড়িতে ইন্টারনেট ব্যবহারের সুবিধা আছে?
২৮. বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার আছে?
২৯. ফোন, মোবাইল বা স্মার্টফোন আছে?
৩০. বাড়িতে সাইকেল, স্কুটার, মোটরসাইকেল আছে?
৩১. গাড়ি, জিপ বা চার চাকা বিশিষ্ট যানবাহন আছে?
৩২. পরিবারে প্রধানত কোন শস্য খাবার হিসেবে খাওয়া হয়?
৩৩. জনগণনা সংক্রান্ত যোগাযোগের একটি মোবাইল নম্বর
কেন্দ্রীয় সরকার আগেই জানিয়েছিল যে এবার জনগণনা দুটি ধাপে পরিচালিত হবে। প্রথম ধাপটি ২০২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে শুরু হবে এবং দ্বিতীয় ধাপটি ২০২৭ সালের ফেব্রুয়ারিতে শুরু হবে। প্রথম ধাপে পরিবারগুলোর তালিকা তৈরি এবং সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করা হবে, আর দ্বিতীয় ধাপে জনসংখ্যা গণনার ওপর মনোযোগ দেওয়া হবে। উল্লেখ্য, জনগণনার প্রথম পর্যায়ে ২০১১ সালে প্রশ্ন ছিল ২৯টি। এই বছর তার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে আরও চারটি। এছাড়াও সেলফ এনিউমারেশনের সুযোগও রাখা হচ্ছে।












