‘বিশ্বমঞ্চে প্রভাব বাড়ছে ভারতের!’ প্রশংসায় পঞ্চমুখ জাতিসংঘের প্রধানের

Published:

UN Chief on India
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আন্তর্জাতিক কূটনীতি থেকে শুরু করে শান্তি রক্ষা, উন্নয়ন নীতি আর মানবাধিকার, বিশ্ব মঞ্চে ভারতের ভূয়সী প্রশংসা করেছেন এবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস (UN Chief on India)। তিনি স্পষ্ট বললেন, আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে ভারতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা ভবিষ্যতে বিশ্বব্যবস্থার ক্ষেত্রেও বেশ তাৎপর্যপূর্ণ।

বিশ্ব রাজনীতিতে ভারতের উত্থান

এক সাক্ষাৎকার গুতেরেস জানিয়েছেন, শান্তি এবং নিরাপত্তা, টেকসই উন্নয়ন, মানবাধিকার জাতিসংঘের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ আলোচনার ক্ষেত্রেই ভারত এখন প্রভাবশালী শক্তি। তিনি স্মরণ করেন যে, ভারতের সাম্প্রতিক G20 সভাপতিত্বের সময় নেওয়া একাধিক কৌশলগত সিদ্ধান্তের কথা, যা কিনা বিশ্ব অর্থনীতি এবং উন্নয়নের নেতৃত্বেও ইতিবাচক প্রভাব ফেলেছে।

এদিকে গ্লোবাল সাউথে অনুষ্ঠিত হতে চলা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রথম বড় সম্মেলন ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটে যোগ দিতে সফরের আগেই তিনি এই মন্তব্য করেছেন। তার মতে, প্রযুক্তি এবং উদ্ভাবন ক্ষেত্রে ভারতের নেতৃত্ব ভবিষ্যতের বৈশ্বিক ভারসাম্যকে ত্বরান্বিত করতে পারে। পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ভারতের ভূমিকার প্রশংসা করেছেন তিনি। গুতেরেস জানিয়েছেন, বর্তমানে বিশ্বজুড়ে প্রায় ৫০০০ ভারতীয় শান্তিরক্ষী কর্মরত আর নারী-পুরুষ উভয় বাহিনী সেখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। পাশাপাশি প্রথম পূর্ণাঙ্গ মহিলা পুলিশ কন্টিনজেন্টকেও তিনি অসাধারণ বলে আখ্যায়িত করেন।

এদিকে ভারতকে একটি শক্তিশালী গণতান্ত্রিক দেশ হিসেবে তুলে ধরে তিনি জানিয়েছেন যে, বিশ্বের বহু প্রান্তে যখন গণতন্ত্র চাপের মধ্যে, তখন ভারতের মতো দেশের সক্রিয় উপস্থিতি আন্তর্জাতিক মানবাধিকার আলোচনায় ইতিবাচক প্রভাব ফেলেছে। পাশাপাশি তিনি স্বীকার করেছেন, বিশ্বজুড়ে সংঘাত বাড়ছে আর বৈষম্য এবং দারিদ্র্য রয়েছে। পাশাপাশি সন্ত্রাসবাদের হুমকিও বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এত কিছুর মধ্যেও ভারতের ক্ষেত্রে ইতিবাচক মেগা ট্রেন্ড দেখা যাচ্ছে বলেই মত তাঁর।

আরও পড়ুন: ইমরান খানের জন্য একজোট গাভাস্কার-কপিল-স্টিভরা! পাকিস্তান সরকারকে কড়া চিঠি

গুতেরেস এদিন জোর দিয়ে বলেছেন, বিশ্ব অর্থনীতিতে এখন বিরাট পরিবর্তন ঘটছে। উন্নত দেশগুলির অংশীদারিত্ব দিনের পর দিন কমছে, আর উদীয়মান অর্থনীতির প্রভাব বাড়ছে। তবে সেই প্রক্রিয়ার মধ্যে ভারত এখন প্রধান স্তম্ভ। তাঁর মতে, এই প্রবণতা ভবিষ্যতে আরও ন্যায়সঙ্গত, ভারসাম্যপূর্ণ, শান্তিপূর্ণ বিশ্ব ব্যবস্থা গঠন করবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now